ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছত্রিশতম জন্মদিনের কেক কেটেছেন মে মাসের ২৮ তারিখে। তাই বিদায়ের চিন্তা-ভাবনা করছেন মিসবাহ উল হক। এরই মধ্যে পাকিস্তানের এই ক্রিকেটার জানালেন, আগামী বছরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেবেন তিনি।
মিসবাহর সময় অবশ্য ভালো যাচ্ছেন না এখন। রানের মধ্যে না থাকায় ইংল্যান্ড সফরে দলে জায়গা পাননি। তার বদলে নেয়া হতে পারে আজহার আলী কিংবা উমর আমিনকে।
মিসবাহ ১৯টি টেস্ট ও ৫৬টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। মঙ্গলবার তিনি বলেন, ''আমার বয়স এখন ৩৬। আন্তর্জাতিক ক্রিকেটে খেলার মতো 'ফিটনেস' আমার আছে।" আগামী বছরের বিশ্বকাপ খেলার ইচ্ছা আছে তার।
জাতীয় দল থেকে বাদ পড়লেও হতাশ নন মিসবাহ। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে আবারো দলে ফেরার পরিকল্পনা করছেন তিনি, ''যদি জাতীয় দলে জায়গা না পাই তাহলে ঘরোয়া ক্রিকেট তো আছে। সেখানে ভালো খেলে নজর কেড়ে নেবো নির্বাচকদের।''
আগামী ডিসেম্বরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে মিসবাহর। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলতে না পারলে হয়তো তার সঙ্গে নতুন চুক্তি করবে না ক্রিকেট বোর্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৮০৭ ঘ.
bdnews24