ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এক সময়ের 'অপরাজেয়' ওয়েস্ট ইন্ডিজের সর্বকালের সেরা দল নির্বাচিত করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো। এর মধ্যে জায়গা পেয়েছেন ১৯৮০'র দশকের পাঁচ ক্রিকেটার।
ওই পাঁচ ক্রিকেটার হলেন গর্ডন গ্রিনিজ, ভিভিয়ান রিচার্ডস, কার্টলি অ্যামব্রোস, মাইকেল হোল্ডিং ও ম্যালকম মার্শাল।
তবে সেরা একাদশে জায়গা পাননি তিন 'ডব্লিউ'; ওরেল, ওয়ালকট এবং উইকস।
সেরা একাদশের খেলোয়াড়দের মধ্যে দশ নির্বচকের দশ ভোটই পেয়েছেন রিচার্ডস, অলরাউন্ডার গ্যারি সোবার্স ও ব্যাটসম্যান জর্জ হেডলি।
উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে গ্রিনিজ পেয়েছেন নয় ভোট। তবে তার জুটি ডেসমন্ড হাইন্স জায়গা পাননি সেরা একাদশে। টেস্টে গ্রিনিজ ও হাইন্ডসের মধ্যে ১৬ টি শতরানের জুটি রয়েছে। সেরা একাদশে গ্রিনিজের সঙ্গী নির্বাচিত হয়েছেন কনরার্ড হান্ট। ৪৪ টেস্টে তিন হাজারেরও বেশি রান করেছেন হান্ট।
তবে ওয়েবসাইটের পাঠকরা তাদের একাদশে গ্রিনিজের সঙ্গে রেখেছেন হাইন্সকে।
মিডল-অর্ডারে রয়েছেন ব্রায়ান লারা, পেয়েছেন ছয় ভোট। উইকেটরক্ষক হিসেবে নির্বাচকরা বেছে নিয়েছেন জ্যাকি হেনড্রিকসকে।
দলে নেয়া হয়েছে তিন পেসার এবং এক স্পিনারকে। পেসারদের মধ্যে নয় ভোট পেয়েছেন প্রয়াত ম্যালকম মার্শাল। আর ছয়টি করে ভোট পেয়েছেন কার্টলি এমব্রোস এবং মাইকেল হোল্ডিং। বাদ পড়েছেন কোর্টনি ওয়ালশ, অ্যান্ডি রবার্টস এবং জোয়েল গার্নার।
একমাত্র স্পিনারের জায়গাটি পেয়েছেন ল্যান্স গিবস। প্রথম স্পিনার হিসেবে টেস্টে ৩০০ উইকেটের মাইলফলক পেরিয়েছিলেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের সর্বকালের সেরা একাদশে হালের কোনো খেলোয়াড় জায়গা পাননি।
নির্বাচকদের একাদশ : গর্ডন গ্রিনিজ, কনরাড হান্ট, জর্জ হেডলি, ভিভিয়ান রিচার্ডস, ব্রায়ান লারা, গ্যারি সোবার্স, জ্যাকি হেনড্রিকস, ম্যালকম মার্শাল, মাইকেল হোল্ডিং, কার্টলি অ্যামব্রোস, ল্যান্স গিবস।
পাঠকদের একাদশ : গর্ডন গ্রিনিজ, ডেসমন্ড হাইন্স, জর্জ হেডলি, ভিভিয়ান রিচার্ডস, ব্রায়ান লারা, গ্যারি সোবার্স, জেফ ডুজন, ম্যালকম মার্শাল, মাইকেল হোল্ডিং, কার্টলি অ্যামব্রোস, ল্যান্স গিবস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৮৩৫ ঘ.
bdnews24