ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চতুর্থ দিন সকালেই হেডিংলি টেস্ট জিতে নিল পাকিস্তান। শনিবার তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে পেয়েছে ৩ উইকেটের নাটকীয় জয়। ১৯৯৫ সালের পর এই প্রথম অজিদের বিপক্ষে টেস্ট জিতল পাকিস্তান।
এই জয় দিয়ে দুই টেস্টের সিরিজ ১-১ এ শেষ করলো অস্ট্রেলিয়া এবং পাকিস্তান।
এর আগে দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনে ৩৪৯ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস।
পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ২৫৮ রান তোলে। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে মাত্র ৮৮ রানে অলআউট হয়েছিল।
জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের লক্ষ্য ছিল ১৮০ রান। সেই রান তুলতেই বেশ বেগ পেতে হয় পাকিস্তানের। যদিও দ্বিতীয় উইকেট জুটিতে ইমরান ফারহাত এবং আজহার আলীর দায়িত্বশীল ব্যাটিংয়ে সহজ জয়ের পথে ছিল তারা। কিন্তু ফারহাত ৬৭ ও আজহার আলী ক্যারিয়ারের প্রথম অর্ধশতক (৫১) তুলে বিদায় নিলে চাপে পড়ে দল। দ্রুত আউট হয়ে যান উমর আমিন এবং উমর আকমল।
এরপর সাবেক অধিনায়ক শোয়েব মালিক সাজঘরে ফিরে গেলে আরো বিপাকে পড়ে পাকিস্তান। হাতে চার উইকেট, জয়ের জন্য চাই আরো ১৯ রান। দলের যখন এক রান প্রয়োজন তখন সাজঘর মুখী হন কামরান আকমল।
এ অবস্থায় মোহাম্মদ আমের (৫) উমর গুলকে (১) সঙ্গে নিয়ে পাকিস্তানকে এনে দেন ৩ উইকেটের নাটকীয় এক জয়। এর মানে জয় দিয়ে টেস্ট অধিনায়কত্ব জীবন শুরু হলো সালমান বাটের। হেডিংলি টেস্টের আগে শহিদ আফ্রিদির কাছ থেকে দলের নেতৃত্ব বুঝে নেন এই উদ্বোধনী ব্যাটসম্যান।
সিরিজের প্রথম টেস্ট অস্ট্রেলিয়া জিতেছিল ১৫০ রানের বড় ব্যবধানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/১৬৩৭ ঘ.
bdnews24