ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সবাইকে চমকে টেস্ট থেকে অবসর নিয়েছেন শহিদ আফ্রিদি। এবার তার নতুন মন্তব্যে ফের বিতর্ক উঠতে পারে পাকিস্তান ক্রিকেটে। আফ্রিদি বলেছেন ''এখন দলে থাকা অনেকেরই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়া উচিত।''
তার কথা ''তাদের না আছে টেস্ট দক্ষতা, না আছে দলের প্রতি দায়বদ্ধতা। এমন কয়েকজন ক্রিকেটারকে আমি টেস্ট ছাড়ার পরামর্শ দিয়েছিলাম। বলেছিলাম, ওয়ানডে এবং টি টোয়েন্টিতে খেলো। টেস্টে দলের বোঝা হয়ে থেকো না।''
সেই ক্রিকেটাররা যে আফ্রিদির কথায় কান দেননি, সেটি তো পরিষ্কার। সেই ক্রিকেটারদের নাম অবশ্য ফাঁস করেননি তিনি। নিজের সরে দাঁড়ানোর কারণ হিসেবে আফ্রিদি ফের বলেছেন ''আমি নিজেকে আর টেস্ট ক্রিকেটের জন্য উদীপ্ত করতে পারছিলাম না। তাই সরে দাঁড়িয়েছি।''
তার দাবী- ''যারা টেস্টে মানিয়ে নিতে পারছে না, অথচ খেলে যাচ্ছে, তারা যেমন নিজের প্রতি সুবিচার করছে না, তেমনি দলের প্রতিও নয়। সময় এসেছে টেস্ট, ওয়ানডে এবং টি টোয়েন্টির জন্য ভিন্ন দল বেছে নেয়ার। কে কোন ঘরানার ক্রিকেটার সেটি বুঝে দল গড়তে হবে।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এটি/২০০০ ঘ.
bdnews24