ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গল টেস্টে এখন হারের শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিন শেষে তারা ৫ উইকেট হারিয়ে করেছে ১৮১ রান। ইনিংস হার এড়াতে হলে এখনো তাদের প্রয়োজন ৬৩ রান।
এর আগে সফরকারীরা টেস্টের চতুর্থ দিনে প্রথম ইনিংসে মাত্র ২৭৬ রানে অলআউট হয়ে যায়। শ্রীলঙ্কা ৮ উইকেটে ৫২০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছিল।
বুধবার ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভীর সাজঘরে ফিরে যান কোন রান না করেই। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান (১০৯) বিরেন্দ্রর শেবাগ থামেন ৩১ রানে।
এরপর অবশ্য দুই অভিজ্ঞ ব্যাটসম্যান রাহুল দ্রাবিড় এবং শচীন টেন্ডুলকার পথ দেখান দলকে। দু'জন বেশ দেখেশুনে খেলছিলেন। কিন্তু তাতে বাধা হয়ে দাড়ান লাসিথ মালিঙ্গা। তৃতীয় উইকেট জুটিতে তারা যোগ করেন ১১৯ রান। দ্রাবিড় ১৫২ বলে ৪৪ রানের ইনিংস খেলে মালিঙ্গার বলে সাঙ্গাকারার হাতে ক্যাচ দিয়ে ধরেন সাজঘরের পথ।
অন্যপ্রান্তে শচীন যেভাবে খেলছিলেন তাতে মনে হচ্ছিল, গলে পেয়ে যাবেন টেস্ট জীবনের ৪৮তম সেঞ্চুরি। কিন্তু ৮৪ রান করা শচীনকে ফিরিয়ে দেন লাসিথ মালিঙ্গা, এলবিডব্লিউ করে।
শেষবেলায় মুত্তিয়া মুরালিধরন তুলে নেন যুবরাজ সিংয়ের (৫) উইকেট। দিনশেষে ভিভিএস লক্ষণ অপরাজিত আছেন ৯ রানে।
খেলোয়াড়ি জীবনের শেষ টেস্ট খেলতে নামা স্পিনার মুরালিধরনের স্পিন যাদুতেই বুধবার শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। এই স্পিনার নেন ৫ উইকেট, ৬৩ রান খরচায়।
দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ১ উইকেট। এখন দুটি উইকেট পেলেই টেস্ট ইতিহাসে প্রথম বোলার হিসেবে আটশ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলবেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/১৮৪৫ ঘ.
bdnews24