ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার জাতীয় সংসদে জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের বোলিং ও ব্যাটিং ব্যর্থতা দূর করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার।
রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে আহাদ আলী সরকার একথা জানান।
বিকাল চারটার কিছু পরে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।
চট্টগ্রাম ১১ আসনের সাংসদ সামশুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতি মন্ত্রী বলেন, "জাতীয় ক্রিকেট দলের কোচ জেমি সিডন্স দলের বোলিং ও ব্যাটিং দক্ষতা বাড়ানোর জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের জন্য বিদেশী কোচ, ফিজিও ও ট্রেইনার নিয়োগ করা হয়েছে।"
এছাড়া আন্তর্জাতিক ক্রিকেট সূচি অনুযায়ী নিয়মিত বিদেশী দলগুলোর সাথে দেশে ও বিদেশে ক্রিকেট সিরিজ ও টুর্নামেন্টে অংশগ্রহণের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।
আরেক প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া মন্ত্রী আহাদ আলী সরকার জানান, মিরপুরে একটি আন্তর্জাতিকমানের ক্রিকেট স্টেডিয়াম রয়েছে। ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএএ/১৭৩২ঘ.
bdnews24