ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের ১৬৩ রানে হারিয়েছে তারা, একদিন বাকি থাকতেই।
পোর্ট অব স্পেনের কুইন্সপার্ক ওভালে চতুর্থদিনে ওয়েষ্ট ইন্ডিজকে জেতার জন্য ৪৫৭ রানের লক্ষ্য বেঁধে দেয় দক্ষিণ আফ্রিকা। তবে তাদের বোলারদের মারাত্মক বোলিংয়ের মুখে ২৯৩ রানেই গুঁটিয়ে যায় ওয়েষ্ট ইন্ডিজ।
দুই উইকেটে ১৫৫ রান নিয়ে দিনের খেলা শুরু করে সফরকারীরা। ইনিংস ঘোষণা করে ৪ উইকেটে ২০৬ রান তুলে। অধিনায়ক গ্রায়াম স্মিথ ৯০ ও জ্যাক ক্যালিস ৪০ রান করেন।
জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে দলের ২ রানের মাথায় মর্নে মরকেলের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন ট্রেভিস ডাউলিন। এরপর এক প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলেও অপর প্রান্ত ধরে খেলতে থাকেন অধিনায়ক ক্রিস গেইল। দলের পক্ষে সবচেয়ে বেশি ৭৩ রানও করেন তিনি।
এরপর হাল ধরে ডোয়াইন ব্রাভো ও সুলাইমান বেন লড়াইয়ের ইঙ্গিত দেন। কিন্তু তাদের সাজঘরে ফেরার পর আর কোনো ব্যাটসম্যান উল্লেখ করার মতো রান করতে পারেননি। ব্রাভো ৪৯ ও বেন ৪২ রান করেন।
দুই ইনিংসে ডেল স্টেইন নিয়েছেন ৮ উইকেট। মর্নে মরকেল ৬ টি।
এর আগে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের ৩৫২ রানের জবাবে ওয়েষ্ট ইন্ডিজ ১০২ রান করে। তবে তাদের ফলো-অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে নিজেরাই আবার ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা।
সেরা খেলোয়াড় হয়েছেন স্টেইন।
দ্বিতীয় টেস্ট শুরু হবে সেন্ট কিটসে, ১৮ জুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯২৪ ঘ.
bdnews24