ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চতুর্থ একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এর আগের তিনটি ম্যাচেই হার মানতে হয় স্বাগতিকদের।
ডমিনিকার উইন্ডসর পার্কে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ তোলে ৩০৩ রান, ৬ উইকেটে। রান তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য ৩০৪ রানে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।
ক্যারিবিয়দের পক্ষে সবচেয়ে বেশি ৬৬ রান করেন শিবনারায়ন চন্দরপল। এছাড়া ডেল রিচার্ডস ৫৯, ডোয়াইন ব্রাভো ৪৬ ও ডারেন ব্রাভো ৪৫ রানের হার না মানা একটি ইনিংস খেলেন।
দু'টি করে উইকেট নেন লনওয়াবো সটসোবে ও চার্ল ল্যাঙ্গেভেল্ট। এজন্য সটসোবে ৪৮ রান খরচ করেন। ল্যাঙ্গাভেল্ট দেন ৫৯ ।
রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান হাশিম আমলা দলের পক্ষে সবচেয়ে বেশি ১২৯ রান করেন। জ্যাক ক্যালিস ৫১ রান ও এবি ডি ভিলিয়ার্স ৫৭ রানে অপরাজিত ছিলেন।
ডোয়াইন ব্রাভো, ক্রিস গেইল ও কিয়েরন পোলার্ড একটি করে উইকেট নেন।
ম্যাচ সেরা হন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা।
সিরিজের পঞ্চম ও শেষ খেলা হবে ৩ জুন, পোর্ট অব স্পেনে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৬২৫ ঘ.
bdnews24