ঢাকা, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রামীণফোন-বিসিবি একাডেমি কাপ একদিনের সিরিজের প্রথম ম্যাচেই সফরকারী দক্ষিণ আফ্রিকা একাডেমি দলকে ১৯৭ রানে হারিয়েছে জিপি-বিসিবি একাডেমি দল।
এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেলো স্বাগতিকরা।
বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার টস জিতে ব্যাট করে ৬ উইকেটে ৩২৮ রান করে জিপি-বিসিবি একাডেমি দল।
দলের পক্ষে মিথুন সবচেয়ে বেশি ৮৭ ও আসিফ আহমেদ ৭৯ রান করেন। এছাড়া নাসির হোসেন ৫২ রানে অপরাজিত ছিলেন।
বার্চ, ভ্রাইস, ভ্যান জিল, মহারাজ ও সোয়ানেপয়েল প্রত্যেকেই একটি করে উইকেট নেন।
জয়ের লক্ষ্য ৩২৯ রান তাড়া করতে গিয়ে সানজামুল ইসলাম ও শুভাশীষ রায়ের মারাত্মক বোলিংয়ে ১৩১ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ৫০ ওভারের খেলা হলেও তারা খেলতে পেরেছে কেবল ৩৩ ওভার ৩ বল।
দলের পক্ষে সবচেয়ে বেশি ওয়াই ভ্যালি ২৪ রান করেন। এছাড়া অ্যাডায়ের করেন ২২।
সানজামুল ২৮ রানে পাঁচ উইকেট নেন। ১৯ রানে তিন উইকেট নেন শুভাশীষ।
ম্যাচ সেরা হন সানজামুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২০১৫ ঘ.
bdnews24