২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাহেলার শতক, শ্রীলঙ্কার জয়

ডার্কওয়ার্থ-লুইস পদ্ধতিতে শ্রীলঙ্কা ১৪ রানে জিতেছে জিম্বাবুয়ের বিপক্ষে। বৃষ্টি নামায় টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের খেলা দ্বিতীয়বারের মতো বন্ধ হয়ে যাওয়ার পর আর খেলা হয়নি। তখন জিম্বাবুয়ের রান ছিল পাঁচ ওভারে ২৯, এক উইকেটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2010, 01:42 PM

Updated : 24 Aug 2022, 09:06 PM

ঢাকা, মে ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডার্কওয়ার্থ-লুইস পদ্ধতিতে শ্রীলঙ্কা ১৪ রানে জিতেছে জিম্বাবুয়ের বিপক্ষে। বৃষ্টি নামায় টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের খেলা দ্বিতীয়বারের মতো বন্ধ হয়ে যাওয়ার পর আর খেলা হয়নি। তখন জিম্বাবুয়ের রান ছিল পাঁচ ওভারে ২৯, এক উইকেটে। প্রথম দফার বৃষ্টির পর জিম্বাবুয়ের লক্ষ্য ১১ ওভারে ১০৬ রানে পূনর্নির্ধারণ করা হয়। এর আগে ১৭৪ রানের জয়ের লক্ষ্য বেঁধে দিয়েছিল শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে উদ্বোধনী ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনের শতকের (১০০ রান) সুবাদে শ্রীলঙ্কা রান তোলে ১৭৩, সাত উইকেটে। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে জিম্বাবুয়ে এক ওভার ব্যাট করার পরই বৃষ্টি নামে। বৃষ্টি থেমে যাওয়ার পর আবারো খেলা শুরু হয়। কিন্তু পাঁচ ওভার পর ফের বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ হয়ে যায় আবারো। তখন ব্রেন্ডন টেলর ১১ ও তাতেন্দা তাইবু ১২ রানে অপরাজিত ছিলেন। আর দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হয়ে সাজঘরে ফিরে যান হ্যামিল্টন মাসাকাদজা ৪ রান করে। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমেই জয়াবর্ধনে চড়াও হন জিম্বাবুয়ের বোলারদের ওপর। দলের ১৬৬ রানের মাথায় সপ্তম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে ২০ ওভারের আন্তর্জাতিক ম্যাচে ক্রিকেট জীবনের প্রথম শতক আদায় করে নেন তিনি। ঠিক ১০০ রানে পৌঁছান ৬৩ বলে, ১০টি চার ও ৪টি ছক্কার সাহায্যে। মূলত শ্রীলঙ্কার ইনিংসের মেরুদন্ডও ছিলেন তিনি। এছাড়া থিসারা পেরেরা বিদায় নেন ১৯ বলে ২৩ রান করে। চামারা কাপুগেদেরা করেন ১৩, ৬ বলে। আর কোনো ব্যাটসম্যান মোটেও সুবিধা করতে পারেননি। এমন কি, দুই অংকের কোঠায়ও যেতে পারেননি তাদের কেউ। জিম্বাবুয়ের বোলারদের মধ্যে দু'টি করে উইকেট নেন রে প্রাইস ও গ্রেগ ল্যাম্ব। এজন্য প্রাইসের খরচ হয় ৩১ রান, ল্যাম্ব দেন ৩৪। ম্যাচ সেরা হন মাহেলা জয়াবর্ধনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২১২৬ ঘ.