ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডান হাতের মাংসপেশির ব্যথার কারণে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশা ভেঙ্গে গেছে অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার ব্রেট লি'র। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও বাদ পড়ছেন তিনি।
ব্রেট লি'র বদলি খেলোয়াড় হিসেবে দলে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে আছে ডোগ বলিঙ্গার ও রায়ান হ্যারিস। গ্রীষ্ম মৌসুমের টি-টোয়েন্টি ক্রিকেটে দু'জনেরই পারফরম্যান্স বেশ ভালো।
চোট(ইনজুরি) লি'র জন্য দুভাগ্য ছাড়া আর কিছুই নয়। যার কারণে তিনি অক্টোবর থেকে স্বদেশের পক্ষে খেলতে পারছেন না। কনুইয়ে অস্ত্রোপচারের পর তিনি দলে ফিরার প্রস্তুতি নিচ্ছিলেন। মঙ্গলবার জিম্বাবুয়ের সাথে প্রস্তুতি ম্যাচে ৪ ওভার বল করে ১টি উইকেট নেওয়ার পর লি হাতে ব্যথা অনুভব করেন। তবে ঐ ম্যাচে এক রানে হারে তার দল।
এমআরআই স্ক্যান রিপোর্ট পাওয়ার পর তার কনুইয়ের সমস্যা থেকে এই চোটটি সম্পূর্ণ আলাদা উল্লেখ করে অস্ট্রেলিয়া দলের একজন মুখপাত্র এএপি বলেন, "ব্যথা মাংশপেশিতে। আমরা আইসিসি টেকনিক্যাল কমিটির কাছে বদলি খেলোয়াড় চেয়ে অনুরোধ জানিয়েছি।"
চোটের জন্য ব্রেট লি'র ক্রিকেট ভবিষ্যত এখন প্রশ্নের সম্মুখীন। তিনি ফেব্র"য়ারিতে টেস্ট থেকে অবসর নিয়েছেন। তবে টি-টোয়েন্টি ও একদিনের ক্রিকেটে এখনো খেলতে চান ৩৩ বছর বয়সী এই ক্রিকেট তারকা। বৃদ্ধাঙ্গুলি ভাঙ্গার জন্য আইপিএলের মাঝ পথে খেলায় ইতি টানেন তিনি। জাতীয় দলের সঙ্গে লি'র চুক্তি অব্যাহত থাকলেও টিম ম্যানেজম্যান্ট তার বর্তমানের চোট নিয়ে বেশ দুঃচিন্তায় আছে।
প্রতিযোগিতায় অস্ট্রেলিয়া রোববার পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে। তবে এর আগে বৃহস্পতিবার উইন্ডওয়ার্ডের বিপক্ষে আরো একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অসিরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৭৫০ ঘ.
bdnews24