বার্বাডোজ, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার বাংলাদেশ ৩৬ রানে হারিয়েছে বার্বাডোজকে।
প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে ১৬৬ রান করে বাংলাদেশ। জয়ের জন্য ১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে তিন উইকেটে ১৩০ রানে থেমে যায় বার্বাডোজের ইনিংস।
ব্রিজটাউনের কেনসিংটন ওভালে টস জিতে বার্বাডোজ বাটিংয়ে পাঠায় বাংলাদেশকে। শুরুটা ভালোই করেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস ও মো. আশরাফুল।
ইমরুল ১০টি চার ও একটি ছক্কার সাহায্যে করেন ৫৭ রান। আশরাফুল করেন ৩৫। এছাড়া আফতাব আহমেদ করেন ২৬।
মার্টিন নুরস নেন তিন উইকেট, ২১ রানে। এছাড়া একটি করে উইকেট নেন অ্যাশলে নুরস ও কার্লোস ব্রাথওয়েট।
বার্বাডোজের পক্ষে সব চেয়ে বেশি ৫০ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান রায়ান হাইন্ডস। জনাথন কার্টার করেন ৪৫। দুই জনই অপরাজিত ছিলেন।
একটি করে উইকেট নেন মাশরাফি মোর্র্তাজা, রুবেল হোসেন ও আব্দুর রাজ্জাক।
এছাড়া পাকিস্তান ৬৮ রানে হারিয়েছে উইন্ডওয়ার্ড আইল্যান্ডসকে। প্রথমে ব্যাট করে সাত উইকেটে ১৬০ রান করে পাকিস্তান, নির্ধারিত ২০ ওভারে। জেতার লক্ষ্য তাড়া করতে গিয়ে চার উইকেটে ৯২ রানের বেশি তুলতে পারেনি উইন্ডওয়ার্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/১৪২৫ ঘ.
bdnews24