২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ললিত মোদি বরখাস্ত, নতুন প্রধান চিরায়ু আমিন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কমিশনার ও চেয়ারম্যান ললিত মোদিকে বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2010, 07:21 AM

Updated : 24 Aug 2022, 08:52 PM

নয়া দিল্লি, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কমিশনার ও চেয়ারম্যান ললিত মোদিকে বরখাস্ত করা হয়েছে। অস্থায়ী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন শিল্পপতি ও বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান চিরায়ু আমিন। প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ শেষে সোমবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এ কথা জানায়। দুর্নীতির অভিযোগে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট টুর্নামেন্টের প্রধানের পদ থেকে মোদিকে অপসারণ করা হলো। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টিমে ৪শ' ১০ কোটি মার্কিন ডলার লগ্নি করা নিয়ে তার বিরুদ্ধে সরকার আয়কর তদন্তও শুরু করেছে। দুর্নীতির এ কেলেঙ্কারিতে জড়িত অভিযোগে ইতোপূর্বে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর পদত্যাগে বাধ্য হন। শশী থারুরের বিরুদ্ধে ললিত মোদি অভিযোগ করেছিলেন, একটি ক্রিকেট টিমের অংশিদারিত্বের ব্যাপারে শশী থারুর তার রাজনৈতিক ক্ষমতার ব্যবহার করেছেন। এরপরই বিষয়টি নিয়ে বিতর্ক ওঠে এবং বিরোধীদল মন্ত্রিসভা থেকে থারুরের অপসারণ দাবি করে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এক বিবৃতিতে জানানো হয়, "ব্যক্তি হিসেবে মি. ললিত মোদির জন্য এ অভিযোগ যত লঘুই হোক না কেন, ক্রিকেট ও ক্রিকেট প্রশাসনের জন্য তা দুর্নাম বয়ে আনবে।" রোববার রাতে আইপিএল'র ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এনআই/১৪৩০ ঘ.