ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। ২২ রানে হারিয়েছে তারা মুম্বাই ইন্ডিয়ান্সকে।
জেতার জন্য ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মুম্বাইয়ের ইনিংস থেমে যায় ৯ উইকেটে ১৪৬ রানে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৬৮ রান করে চেন্নাই সুপার কিংস, ৫ উইকেটে।
মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে রোববার জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে প্রথম থেকেই রান তোলার হারে পিছিয়ে পড়ে মুম্বাই। কিন্তু তা কাটিয়ে রান তোলার হার বাড়াতে পারেনি ইনিংসের কোনো পর্যায়ে।
দলের পক্ষে সবচেয়ে বেশি ৪৫ বলে ৪৮ রান করেন অধিনায়ক শচীন টেন্ডুলকার। এছাড়া অভিষেক নায়ার করেন ২৬ বলে ২৭। তবে কিয়েরন পোলার্ড মাত্র ১০ বলে ২৭ রান করে কেবল হারের ব্যবধান কমান।
চেন্নাইয়ের বোলারদের মধ্যে সাদব জাকাতি ২ উইকেট নেন, ২৬ রানে।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভাল হয়নি চেন্নাইয়ের। দলীয় ৪৭ রানের মধ্যে সাজঘরে ফেরেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান মুরালি বিজয় (২৬) ও ম্যাথু হেইডেন (১৭)।
দিলহারা ফার্নান্দোর বলে মালিঙ্গার হাতে ধরা পড়ে সুব্রামানিয়াম বদ্রিনাথ (১৪) বিদায় নিলে বিপদে পড়ে চেন্নাই। তখন দলের রান ছিল ১২ ওভার ২ বলে ৬৭।
এ অবস্থায় দলের হাল ধরেন সুরেশ রায়না। ৩৫ বলে তিনটি চার ও তিনটি ছক্কার সাহায্যে তিনি খেলেন ৫৭ রানের হার না মানা একটি ইনিংস। এছাড়া অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ২২ রান করলে লড়াই করার মতো পুঁজি পায় চেন্নাই।
শেষ পর্যন্ত এই রানই মুম্বাইয়ের কাছে বড় স্কোর হয়ে দাঁড়ায়। আর চেন্নাইয়ের জন্য জয়ের।
ফার্নান্দো নেন দুই উইকেট, ২৩ রানে। এছাড়া একটি করে উইকেট নেন জহির খান ও কিয়েরন পোলার্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/০০৪৫ ঘ.
bdnews24