ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথমবারের মতো আয়োজিত টোয়েন্টি-টোয়েন্টি জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শিরোপা জিতেছে রাজশাহী রেঞ্জার্স। বুধবার ফাইনালে তারা ছয় উইকেটে হারায় কিংস অব খুলনাকে।
নির্ধারিত ২০ ওভারে খুলনার বেঁধে দেয়া ১৬২ রানের লক্ষ্য টপকে ১৬৩ রানে পৌঁছে যায় রাজশাহী, চার উইকেটে। তখনো হাতে ছিল চার বল। প্রথমে ব্যাট করে খুলনা ছয় উইকেটে ১৬১ রান তোলে।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় খুলনা। দুই উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস ও পিটারসেন শুরুটা বেশ ভালোই করেন। পরে দলকে লড়াই করার মতো ইনিংসের দিকে নিয়ে যান মিথুন, আলাউদ্দিন বাবু ও অধিনায়ক সাকিব আল হাসান।
পিটারসেন সবচেয়ে বেশি ৩৪ রান করেন। এছাড়া ইমরুল ২৪, মিথুন ২০ ও সাকিব ২৭ রান করেন। ডলার মাহমুদ ১৭ রানে অপরাজিত ছিলেন। এছাড়া বাবু খেলেন ২০ রানের হার না মানা একটি ইনিংস।
কায়সার আব্বাস ও মুকতার আলি দু'টি করে উইকেট নেন।
জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র ৪৬ রানেই তিন উইকেট হারালে হারের শঙ্কায় পড়ে রাজশাহী। কিন্তু সেই শঙ্কা দূর করেন শুভাগত হোম ও কায়সার আব্বাস। সেই সঙ্গে জয়ের বন্দরে নিয়ে যান তারা দলকে।
শুভাগত চারটি চার ও দু'টি ছয়ের সাহায্যে ৬২ রান করেন। কায়সার ৬১ রানে অপরাজিত থাকেন। তিনি তার ইনিংসটি সাজান নয়টি চার ও একটি ছক্কা দিয়ে।
দু'টি উইকেট নেন আব্দুর রাজ্জাক।
ম্যাচ সেরা হন রাজশাহী রেঞ্জার্সের কায়সার আব্বাস। সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মোর্তাজা টুর্নামেন্ট সেরার পুরস্কার পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর/এএইচএস/টিআর/২২১১ ঘ.
bdnews24