ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টোয়েন্টি-টোয়েন্টি ন্যাশনাল ক্রিকেট লিগে (এনসিএল) টানা দ্বিতীয় জয় পেয়েছে রাজশাহী রেঞ্জার্স। আর দ্বিতীয় খেলাতেও হেরেছে সাইক্লোনস অব চিটাগং।
রাজশাহী সোমবার ৩৬ রানে হারায় কিংস অব খুলনাকে। এদিকে সুলতানস অব সিলেট পাঁচ উইকেটে জিতেছে চিটাগং-এর বিপক্ষে।
বিকেএসপিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৯ উইকেটে ১৭৭ রান করে, নির্ধারিত ২০ ওভারে। দলের পক্ষে সব চেয়ে বেশি ৪৪ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান হান্নান সরকার। অপর উদ্বোধনী ব্যাটসম্যান অ্যাইডেন ক্রেগব্লিজ করেন ৩৯। এছাড়া শুভাগত হোম ৩৫ ও সানজামুল ইসলাম ৩১ রান করেন।
খুলনার পক্ষে ১১ রানে তিন উইকেট নেন ফরহাদ হোসেন।
জেতার জন্য ১৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মুক্তার আলির মারত্মক বোলিংয়ের মুখে ১৪১ রানেই গুটিয়ে যায় খুলনার ইনিংস। ফরহাদ হোসেন ৪১ রানের হার না মানা ইনিংস খেললেও অন্য প্রান্তে কিছুক্ষণ পরপর উইকেট পড়তে থাকে। ইমরুল কায়েস ৩১, মিথুন ২১ ও সাকিব আল হাসান ১৮ রান করেন।
মুক্তার আলি ২২ রানে পাঁচ উইকেট নিয়ে টানা দুই খেলায় ম্যাচ সেরা হন।
এদিকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে সিলেট চিটাগংকে ব্যাটিংয়ে পাঠায়। তামিম ইকবালের ঝড়ো ৯১ রানের সুবাদে চিটাগং সাত উইকেটে ১৫২ রান তোলে। তামিমের ইনিংসে আটটি চার ও চারটি ছক্কা রয়েছে। এছাড়া নাসির হোসেন ২৪ ও খুররম মঞ্জুর ১৭ রান করেন।
মাশরাফি ৩৪ রান দিয়ে দুই উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট নেন ফরহাদ রেজা, রাশেদ হানিফ ও নাজমুল হোসেন।
জয়ের জন্য ১৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সিলেট কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে যায় পাঁচ উইকেটে। তখনো হাতে ছিল সাত বল। কাপাালি ৪৯ রানে অপরাজিত থাকেন। এছাড়া উদ্বোধনী ব্যাটসম্যান ফরহাদ ৩২, ফয়সাল ইকবাল ২৭ ও মাশরাফি ২৬ রান করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২০২৯ ঘ.
bdnews24