হায়দ্রাবাদ, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ পর্যন্ত পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক ও ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার মধ্যে বিয়ে হয়েছে সোমবার।
হায়দ্রাবাদের তাজ কৃষ্ণা হোটেলে দু'জনের বিয়ে হয় দুপুর ১ টায়। অনুষ্ঠানে সানিয়া কি রংয়ের শাড়ি পরেছিলেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। জানা যায়নি শোয়েবের শেরওয়ানির রং সম্পর্কেও। তবে সকালের দিকে সানিয়ার মুখপাত্র বলেন, ২৫ বছর আগের মায়ের বিয়ের লাল শাড়ি পরার কথা সানিয়ার। আর শোয়েবের পরার কথা কালো শেরওয়ানি, তৈরি করেছেন শান্তানু ও নিখিল।
এরআগে সকালের দিকে মুখপাত্র বলেন, কিছুক্ষণের মধ্যে দু'জনের বিয়ে হতে যাচ্ছে।
বিয়ের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে গিয়ে তিনি বলেন, 'মেহেঁিদ' অনুষ্ঠান হবে ১৩ এপ্রিল। পরদিন বসবে গানের আসর। আর বিবাহোত্তর সংবর্ধনা হবে ১৫ এপ্রিল।
এর আগে জানানো হয়েছিল দু'জনের বিয়ে হবে ১৫ এপ্রিল।
শোয়েব ও সানিয়ার বিয়ে নিয়ে কম বিতর্ক হয়নি। হায়দ্রাবাদেরই আরেক মেয়ে আয়শা সিদ্দিকীর সঙ্গে শোয়েবের প্রথম বিয়ে নিয়ে জন্ম হয় এই বিতর্কের।
আয়শা অভিযোগ করেন শোয়েব তাকে টেলিফোনে বিয়ে করেছেন। প্রথমে শোয়েব অভিযোগ অস্বীকার করেছিলেন। পরে অবশ্য তিনি বলেন, আয়শা ছলনা করে তাকে বিয়ে করতে বাধ্য করেছিলেন। পাঠিয়েছিলেন অন্য একটি মেয়ের ছবি। তবে শেষ পর্যন্ত পাকিস্তানি অল-রাউন্ডার আয়শাকে তালাক দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৮৩৫ ঘ.
bdnews24