ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইপিএলে টানা দ্বিতীয় ম্যাচে হারলো শচীন টেন্ডুলকারের মুম্বাই ইন্ডিয়ান্স।
পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা মুম্বাইকে শুক্রবার ছয় ইউকেটে হারিয়েছে তালিকার সবচেয়ে নিচের দল কিংস ইলেভেন পাঞ্জাব।
পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৪ রান করে মুম্বাই।
মুম্বাইয়ের পক্ষে ডুমিনি সর্বোচ্চ ৩৫ রান করেন। এছাড়া রাইডু ৩৩ ও শচীন ২৯ রান করেন। পাঞ্জাবের ইরফান পাঠান ২৯ রান ও পিযূশ চাওলা ২৪ রান দিয়ে ৩টি করে উইকেট পান।
জবাবে চার বল হাতে রেখে ৪ উইকেট খুইয়ে জয় তুলে নেয় পাঞ্জাব।
অধিনায়ক কুমার সাঙ্গাকারা ৪২ বলে ৫৬ রান করেন। আদ্রিয়ান বারাথ ২৭ বলে ৩৩ ও মাহেলা জয়াবর্ধন ১৮ বলে ৩১ রান করেন।
এ জয় নিয়েও ১১ খেলায় ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে থাকছে পাঞ্জাব। আর হেরে গেলেও ১০ খেলায় ১৪ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষে মুম্বাই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমআই/১১৩০ ঘ.
bdnews24