ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বুধবার কিংস ইলেভেন পাঞ্জাবকে ৯ উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালস।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৩ রানের ইনিংস গড়ে প্রীতির দল কিংস ইলেভেন পাঞ্জাব। জবাবে পাঁচ ওভার হাতে রেখেই গন্তব্যে পৌঁছে যায় শিল্পা শেঠীর দল রাজস্থান।
জয়পুরের সাঁই মানসিংহ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে দুই উদ্বোধনী ব্যাটসম্যান মানবিন্দর বিসলা ও মাহেলা জয়াবর্ধনে শুরুটা ভাল করতে পারেননি। ব্যক্তিগত ২০ রানে শেন ওয়াটসনের বলে ফজলের হাতে ধরা পড়ে সাজঘরে ফিরেন বিসলা। তখন দলের রান ২৯।
দলের সঙ্গে ২৩ রান যোগ হতেই বিদায় নেন অধিনায়ক কুমার সাঙ্গাকারা, ৯ রানে। এরপর দলীয় ১০৮ রানের মাথায় আদিত্যের বলে সরাসরি বোল্ড হয়ে অধিনায়কের সঙ্গী হন যুবরাজ সিং (২৮)। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন জয়াবর্ধনে। ৬ চার ও একটি ছয়ের সাহায্যে এ রান করেন তিনি।
দু'টি করে উইকেট নেন সিদ্ধার্থ ত্রিবেদী ও আদিত্য দোল। এজন্য ত্রিবেদী খরচ করেন ২২ এবং আদিত্য দেন ৩৬ রান। এছাড়া ওয়াটসন পান একটি উইকেট।
জয়ের জন্য ১৫৪ রানের তাড়া করতে নেমে দুই উদ্বোধনী ব্যাটসম্যান মাইকেল লাম্ব ও নামান ওঝার দায়িত্বশীল ব্যাটিংয়ে চমৎকার সূচনা করে রাজস্থান রয়্যালস। উদ্বোধনী জুটি সংগ্রহ করে ১০৯ রান। রবি বোপারার বলে পীযুষ চাওলার হাতে ক্যাচ দিয়ে লাম্ব ফিরে গেলে ভাঙ্গন ধরে জুটিতে। ৪৩ বলে ১৬ চার ও ২ ছক্কার সাহায্যে ৮৩ রান করেন লাম্ব।
উদ্বোধনী ব্যাটসম্যান ওঝা অপরাজিত ছিলেন ৪৪ রানে, ইউসুফ পাঠান ছিলেন ২১ রানে। পরে আর কোনো উইকেট না হারিয়েই বন্দরে পৌঁছে যায় রাজস্থান।
পাঞ্জাবের পক্ষে একটি উইকেট নেন বোপারা।
ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন মাইকেল লাম্ব।
১১ ম্যাচে রাজস্থানের পয়েন্ট ১২ (তৃতীয়)। এক ম্যাচ কম খেলে পাঞ্জাবের সংগ্রহ ৪।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/এনআই/২১২৫ ঘ.
bdnews24