ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খানিকটা বিপাকে পড়লেও তা কাটিয়ে সম্মানজনক স্কোরের পথে হাঁটছে বাংলাদেশ। তামিম ইকবালের পর মাহমুদুল্লাহ রিয়াদের অর্ধ-শতকের সুবাদে চা-বিরতি পর্যন্ত রান তুলেছে ২৫০, পাঁচ উইকেটে।
এখন ব্যাট করছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম ৪ রান নিয়ে। অপর অপরাজিত ব্যাটসম্যান সাকিব আল হাসান করেছেন ৪৫।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার সকালে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের পথমদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। মাঠে নেমেই ঝড় তোলেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। রীতিমতো চড়াও হন ইংল্যান্ডের বোলারদের ওপর। তার ওয়াগন-হুইল দেখলে বোঝা যায় মাঠের এমন কোনো অঞ্চল নেই যেদিক দিয়ে তিনি ইংল্যান্ডের বোলারদের মারেননি।
তবে একথাও ঠিক যে তামিমের ব্যাটিং দেখে বোঝার কোনো উপায় ছিলো না যে এটি টেস্ট ম্যাচ। বরং একদিনের ক্রিকেট, এমন কি ২০ ওভারের খেলার কথা কেউ ভাবলেও হয়তো ভুল করতেন না। তিনি তার অর্ধ-শতকে পৌঁছান মাত্র ৩৪ বলে, ৯টি চারের সাহায্যে। তামি ৮৫ রান করেন ৭১ বলে। তিনি তার ইনিংসটি সাজান ১৩টি চার ও একটি ছক্কা দিয়ে। জেমস ট্রেডওয়েলের মিড-স্ট্যাম্পের ওপর বলটি সুইপ করেন তামিম। বলটি মনে হলো তার গ্লাভস ছুঁয়ে লেগ-স্ট্যাম্পের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছিল। উইকেটরক্ষক ম্যাট প্রায়র ঝাঁপিয়ে পড়ে বলটি লুফে নেন। তখন দলের রান ছিল ১১৯।
তবে টেলিভিশন রিপ্লেতেও নিশ্চিত হওয়া যায়নি বলটি তামিমের গ্লাভসে লেগেছে কি না। যাই হোক আম্পায়ার আঙ্গুল তোলায় স্বস্তির নিঃশ্বাস ফেলে ইংল্যান্ড। দুর্ভাগ্য বাংলাদেশের। দুর্ভাগ্য তামিমের।
তবে তামিমের আগেই ফেরেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস ১২ রান করে। খেলেছেন ২৬ বল। স্টুয়ার্ট বড্রের স্ট্যাম্পের ওপরের বল ড্রাইভ করেন। ঠিক মতো খেলতে না পরায় বল উঠে যায় আকাশে। মিড-অফ থেকে ডানদিকে দৌড়ে এসে মাটিতে পড়ার আগের মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে বলটি ধরেন স্টিভ ফিন। সেই সঙ্গে ভাঙ্গন ধরে উদ্বোধনী জুটিতে ৫৩ রানের মাথায়।
দলের সঙ্গে আর মাত্র ৩ রান যোগ হতেই ফিরে যান জীবনে প্রথম টেস্ট খেলতে নামা জহুরুল ইসলাম। প্রথম ইনিংসটি তার মোটেও ভালো গেল না। রইল দুঃস্বপ্ন হয়ে। হিসেবের খাতা খেলার আগেই বিদায় নিতে হলো তাকে, আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে। গায়েমে সোয়ানের বলটি অফ-স্ট্যাম্পের বাইরে পড়ে এতটা বাঁক নেবে, ব্যাটসম্যানও বুঝতে পারেননি। রক্ষণাত্মক ভঙ্গীতে খেললেও ব্যাটকে ফাঁকি দিয়ে বলটি আঘাত হানে প্যাডে। আঙ্গুল তুলে বসেন আম্পায়ারও। টেলিভিশন রিপ্লেতে দেখা যায়, এই বলটিও বেরিয়ে যাচ্ছিল লেগ-স্ট্যাম্পের বাইরে দিয়ে।
তিন নম্বর ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিকী আউট হন সোয়ানের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে। এই আউটটি নিয়ে অবশ্য কোনো সন্দেহ নেই। প্যাডে না লাগলে নিঃসন্দেহে স্ট্যাম্প ভেঙ্গে দিত তার। তখন দলের রান ছিল ১৬৭।
এরপর দলের হাল ধরেন মাহমুদুল্লাহ ও সাকিব দলেল সঙ্গে যোগ করেন ৫৯ রান। ২২৬ রানের মাথায় ফিনের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে পল কলিংউডের হাতে ধরা পড়ার আগে ১০৬ বলে করেন ৫৯ রান। চার মেরেছেন ৯টি। ফিনের ফুলার লেঙথের বলটি বেরিয়ে যাচ্ছিল আউট সুইং করে। সামনের পায়ে ভর রেখে ড্রাইভ করেন মাহমুদুল্লাহ। কিন্তু বলের লাইনে যেতে পারেননি। পেছনের পায়েও ভর রয়ে গিয়েছিল খানিকটা। ফলে বল যেদিকে দিয়ে যাওয়ার কথা ছিল সেদিক দিয়ে যায়নি। বল চলে যায় ব্যাকওয়ার্ড পয়েন্টে। তিনি তার টেস্ট জীবনের চতুর্থ অর্ধ-শতকে পৌঁছান আটটি চারের সাহায্যে।
ইংল্যান্ডের বোলারদের মধ্যে দুই উইকেট নেন গ্রায়েম সোয়ান, ৭৯ রানে।
চট্টগ্রাম টেস্ট জিতে ইংল্যান্ড ১-০ তে এগিয়ে আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১১৪০ ঘ.
bdnews24