২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'এক বা একাধিক ক্রিকেটার ম্যাচ পাতিয়েছেন'

অর্থ পেয়ে ইচ্ছা করে খারাপ খেলেছেন পাকিস্তান ক্রিকেট দলের 'এক বা একাধিক' খেলোয়াড়। দেশটির খোদ সিনেট সদস্যরাই একথা বিশ্বাস করেন। যদিও তারা স্বীকার করছেন এ ব্যাপারে অকাট্য প্রমাণের অভাব রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2010, 11:45 AM

Updated : 26 Apr 2022, 12:55 AM

লাহোর, ১৬ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ পেয়ে ইচ্ছা করে খারাপ খেলেছেন পাকিস্তান ক্রিকেট দলের 'এক বা একাধিক' খেলোয়াড়। দেশটির খোদ সিনেট সদস্যরাই একথা বিশ্বাস করেন। যদিও তারা স্বীকার করছেন এ ব্যাপারে অকাট্য প্রমাণের অভাব রয়েছে। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বলছে, এই সিদ্ধান্ত ও মন্তব্যের পুরোটাই সিনেটরদের। সিনেটের ক্রীড়া বিষয়ক স্থায়ী কমিটির সদস্য তাহির মাশাদি, আব্দুল গাফ্ফার ও হারুন আখতার লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে সোমবার বিকেলে পিসিবি কর্মকর্তাদের সঙ্গে তিন ঘন্টা ধরে আলোচনা করেন। সে সময় বোর্ড কর্মকর্তারা সিনেটরদের হাতে তাদের তদন্ত প্রতিবেদন তুলে দেন। গত সপ্তাহে এই প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে দলে সাত শীর্ষ ক্রিকেটারকে শাস্তি দেয়া হয়। "ভিডিও ও অডিও সংক্রান্ত তথ্য-প্রমাণসহ পিসিবি আমাদের হাতে তদন্ত প্রতিবেদন তুলে দিয়েছে। এসব বিষয়ে তাদের সঙ্গে বিস্তারিত আলোচনাও করেছি,"ক্রিকইনফোকে বলেন হারুন আখতার, "পিসিবি খুব ভালোভাবেই তদন্ত কাজ করেছে। আমাদের বিশ্বাস এক বা একাধিক ক্রিকেটার কোনো না কোনোভাবে সরাসরি ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত ছিলেন।" কয়েকজন অবশ্য সরাসরি জড়িত ছিলেন না বলে তিনি জানান। তিনি বলেন, "দলে একটি নয়, অনেক সমস্যা আছে। শৃঙ্খলা নেই, আছে দলাদলি। অধিনায়ককে বিপাকে ফেলার জন্য সুপরিকল্পিতভাবে ক্রিকেটারদের খারাপ খেলার নজির আছে। অর্থের জন্য খারাপ খেলার উদাহরণও আছে সুস্পষ্ট।" তবে তিনি একথাও বলেন যে, "এ ব্যাপারে অকাট্য কোনো প্রমাণ নেই। কেননা অর্থের হাত-বদল আপনি ধরতে পারবেন না।" সিনেটরদের এই সিদ্ধান্তের সঙ্গে বোর্ড একমত কি না? এই প্রশ্নের জবাবে আখতার বলেন, "তদন্ত কাজ চালিয়েছেন পিসিবির সদস্যরাই। এছাড়া তদন্ত প্রতিবেদন তৈরির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন কয়েকজন বিশেষজ্ঞ। আলোচনা করে আমরা যে সিদ্ধান্তে পৌঁছেছি, তার সঙ্গে একমত হয়েছেন কয়েকজন বিশেষজ্ঞও।" সিনেটরদের সিদ্ধান্তের ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি পিসিবির চিফ অপারেটিং অফিসার ওয়াসিম বারী। বলেন, "ক্রিকেটের ভালোর জন্য আমরা কাজ করেছি এবং সিদ্ধন্ত নিয়েছি। আমাদের কাজ এখন শেষ।" ওয়াসিম বারীরর নেতৃত্বেই ছয় সদস্যের একটি কমিটি এই তদন্ত প্রতিবেদনটি তৈরি করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬৪৫ ঘ.