২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জুনায়েদের শতকের পরও বাংলাদেশের হার

অলৌকিক কিছু ঘটেনি, হারও এড়াতে পারেনি। জুনায়েদ সিদ্দিকীর শতকের পরও প্রথম টেস্টে ১৮১ রানে হার মানতে হয়েছে বাংলাদেশকে। ইংল্যান্ডের বেঁধে দেয়া ৫১৩ রানের অসম্ভব একটি লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থেমে যায় ৩৩১ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2010, 07:33 AM

Updated : 26 Apr 2022, 12:55 AM

চট্টগ্রাম, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অলৌকিক কিছু ঘটেনি, হারও এড়াতে পারেনি। জুনায়েদ সিদ্দিকীর শতকের পরও প্রথম টেস্টে ১৮১ রানে হার মানতে হয়েছে বাংলাদেশকে। ইংল্যান্ডের বেঁধে দেয়া ৫১৩ রানের অসম্ভব একটি লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থেমে যায় ৩৩১ রানে। ইংল্যান্ড প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫৯৯ রান তুলে ইনিংস ঘোষণা করে। জবাবে বাংলাদেশ ফলো-অন এড়াতে পারেনি, রান করে ২৯৬। কিন্তু ফলো-অনে না পাঠিয়ে ব্যাট করতে নামে ইংল্যান্ড, দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ২০৯ রান করে ইনিংস ঘোষণা করে আবারো। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ ৫ উইকেটে ১৯১ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে। প্রথম সেশনটা ছিল বাংলাদেশের। একটি উইকেটও ফেলতে পারেননি ইংল্যান্ডের বোলাররা। আগেরদিনের অপরাজিত ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিকী তার ৬৮ রানের ইনিংসটিকে টেনে নিয়ে যান ১০৬-এ। তার ২৯২ বলের ইনিংসে চার রয়েছে ১৭টি। জুনায়েদ টেস্ট জীবনের প্রথম শতকে পৌঁছান ২৬২ বলে, ১৬টি চারের সাহায্যে। গ্রায়েম সোয়ানের অফ-স্ট্যাম্পের বাইরের বল সামনের পায়ে ভর রেখে খেলেন জুনায়েদ। কিন্তু সামান্য বাঁক নিয়ে বলটি তার ব্যাট ছুঁয়ে অত্যন্ত নিচু হয়ে স্লিপে চলে যায়। দর্শনীয় ভঙ্গীতে লুফে নেন পল কলিংউড। আগেরদিনের অপর অপরাজিত ব্যাটসম্যান উইকেটরক্ষক মুশফিকুর রহিমও থেমে থাকেননি। আদায় করে নেন টেস্ট জীবনের সপ্তম অর্ধ-শতক। ৪৭ রান নিয়ে খেলা শুরু করে তিনিও এগিয়ে যাচ্ছিলেন শতকের পথে। শতক-বঞ্চিত হন মাত্র ৫ রানের জন্য। অফ-স্ট্যাম্পের সামান্য বাইরের বল উইকেট থেকে বেরিয়ে গিয়ে ড্রাইভ করার চেষ্টা করেন মুশফিক। কিন্তু ব্যাটকে ফাঁকি দিয়ে তার স্ট্যাম্প ভেঙ্গে দেয় বলটি। এর আগে বাংলাদেশ মধ্যাহ্ন-বিরতিতে যায় ৫ উইকেটে ২৭৭ রান নিয়ে। দলের সঙ্গে যোগ করেন তারা ১৮৬ রান। কিন্তু মধ্যাহ্ন-বিরতির পর ক্রিকেট-ইশ্বর মুখ ফিরিয়ে নেন বাংলাদেশের দিক থেকে। ভর করেন ইংল্যান্ডের ওপর। দলের রানের সঙ্গে কোনো রান যুক্ত না হতেই ওই ২৭৭ রানের মাথায় ফিরে যান জুনায়েদ। এরপর উইকেট পড়তে থাকে কিছুক্ষণ পরপর। ২৯৪ রানে ফিরে যান মুশফিক। ৩০১ রানে আব্দুর রাজ্জাক (১), ৩২৭ রানে সাহাদাত হোসেন (১২) ও ৩৬ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে সাজঘরের পথ ধরেন নাইম ইসলাম। অপরাজিত ছিলেন রুবেল হোসেন। একটি বলও খেলার সুযোগ পাননি। তখনো চা-বিরতির কিছুটা সময় বাকি ছিল। ইংল্যান্ডের বোলারদের মধ্যে ৫টি উইকেট নেন সোয়ান, ১২৭ রানে। এছাড়া ৬৩ রানে ৩ উইকেট নেন টিম ব্রেসন্যান। দুই ইনিংসে ৫টি করে উইকেট নেয়ায় ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন সোয়ান। এই ম্যাচ জিতে দুই টেস্টের সিরিজে ইংল্যান্ড এগিয়ে গেল ১-০ তে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২০ মার্চ মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৪৩ ঘ.