চট্টগ্রাম, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তামিম ইকবালের অপরাজিত (৮১*) ও মাহমুদুল্লাহ রিয়াদের অর্ধ-শতকের পরও ছন্দ খুঁজে পায়নি বাংলাদেশের ইনিংস। উল্টো বিপদে পড়েছে ৫ উইকেট হারিয়ে। প্রথম টেস্টের দ্বিতীয়দিন শেষে রান তুলেছে ১৫৪। ফলো-অন এড়াতে এখনো প্রয়োজন ২৪৫। হাতে উইকেট আছে ৫টি।
এর আগে অ্যালিস্টার কুক ও পল কলিংউডের শতকের সুবাদে ছয় উইকেটে ৫৯৯ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড।
জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ইংল্যান্ডের প্রথম ইনিংসের জবাব দিতে নেমেই বিপদে পড়ে বাংলাদেশ। মাত্র ১৩ রানের মাথায় ফিরে যান উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস। আক্ষরিক অর্থেই ইংল্যান্ড ফাঁদ পেতেই তার উইকেটটি তুলে নেয়। একের পর এক শর্ট বল করা হচ্ছিল তাকে। এক পর্যায়ে ধৈর্য হারিয়ে স্টুয়ার্ট ব্রডকে পুল করার চেষ্টা করেন ইমরুল। বল তার গ্লাভস ছুঁয়ে জমা পড়ে উইকেটরক্ষক ম্যাট প্রায়রের হাতে।
দলীয় ২৭ রানের মাথায় জুনায়েদ সিদ্দিকী (৭) ওই ব্রডের বলে তারই হাতে ধরা পড়ে সাজঘরের পথ ধরেন। ৫১ রানের মাথায় আফতাব আহমেদ ১ রান করে ফিরে গেলে সমূহ বিপদে পড়ে বাংলাদেশ।
এরপর ইনিংস মেরামতের কাজে নামেন অপর উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ। এ কাজে কিছুটা সফলও হন তারা। দলের সঙ্গে যোগ করেন ৯৪। কিন্তু দলকে বিপদ থেকে টেনে তোলার ক্ষেত্রে এই রান মোটেও পর্যাপ্ত ছিল না। ফলে বিপদ কাটতে না কাটতে আবারো বিপদে পড়ে বাংলাদেশ। ১৪৫ রানের মাথায় মাহমুদুল্লাহ ফিরে যান ফার্স্ট স্লিপে পল কলিংউডের হাতে ধরা পড়ে। গ্রায়েম সোয়ানের বলটি সুইপ করেন মাহমুদুল্লাহ। কিন্তু বলটি তার গ্লাভস ছুঁয়ে চলে যায় ফার্স্ট স্লিপে। ৫১ রান করেন তিনি ৬৪ বলে। চার মেরেছেন সাতটি, ছক্কা একটি। এটি ছিল তার টেস্ট জীবনের তৃতীয় অর্ধ-শতক। ১৪৯ রানের মাথায় সাকিব (১) সাজঘরের পথ ধরলে বিপদ রীতিমতো চেপে ধরে বাংলাদেশকে। সোয়ানের বলে সরাসরি বোল্ড হন তিনি।
তবে অপর প্রান্তে অবিচল তামিম খেলে যাচ্ছেন তার স্বভাবসূলভ ভঙ্গীতে। মূলত তাকে ঘিরেই গড়ে উঠছে বাংলাদেশের ইনিংস। তিনি ১১৫ বলে করেছেন ৮১ রান। চার মেরেছেন ১৩টি, ছক্কা একটি। তামিম তার টেস্ট জীবনের পঞ্চম অর্ধ-শতকে পৌঁছান ৫৪ বলে, আটটি ৪ ও একটি ছক্কার সাহায্যে।
অপর ব্যাটসম্যান নাইটওয়াচ-ম্যান সাহাদাত হোসেন এখনো হিসেবের খাতা খোলেননি।
ইংল্যান্ডের বোলারদের মধ্যে ৩ উইকেট নিয়েছেন সোয়ান, ৪০ রানে। আর ৩০ রানে দুই উইকেট নিয়েছেন ব্রড।
এর আগে ৩ উইকেটে ৩৭৪ রান নিয়ে দিনের খেলা শুরু করেন ইংল্যান্ডের আগেরদিনের দুই অপরাজিত ব্যাটসম্যান অধিনায়ক কুক ও পল কলিংউড। কুক তার ১৫৮ রানের সঙ্গে ১৫ রান যোগ করে বিদায় নেন। ২৮৩ বলে ১৭৩ রান করেন তিনি। দড়ির ওপারে বল পাঠান ১৬ বার, হাওয়ায় ভাসিয়ে দু'বার। ৪১২ রানের মাথায় মাহমুদুল্লাহ রিয়াদের বলে তারই হাতে ধরা পড়ে বিদায় নেন তিনি। অফ-স্ট্যাম্পের সামান্য বাইরের বল পুল করেন কুক। কিন্তু ব্যাটের বাইরের দিকের কানায় লেগে বল উঠে যায় আকাশে। ঠিকানা খুঁজে পায় বোলারের হাতে।
তবে খেলে যেতে থাকেন অপর অপরাজিত ব্যাটসম্যান কলিংউড। তিনি তার ৩২ রানের ইনিংসটিকে টেনে নিয়ে যান ১৪৫-এ। দশটি ৪ ও চারটি ছক্কা দিয়ে সাজান ১৮৮ বলের ইনিংসটি। কলিংউড তার টেস্ট জীবনের দশম শতকে পৌঁছান ১৫৭ বলে, সাতটি ৪ ও একটি ছক্কার সাহায্যে। আব্দুর রাজ্জাকের বলটি উইকেট থেকে বেরিয়ে গিয়ে বোলারের মাথার ওপর দিয়ে সীমানার বাইরে পাঠানোর চেষ্টা করেন কলিংউড। নিখুঁত সময়ে খেলতে না পারায় বল উঠে যায় আকাশে। লং-অফ থেকে তামিম ইকবাল দৌড়ে এসে লুফে নেন বলটি। তখন দলের রান ছিল ৫৯৬।
দলের সঙ্গে আর তিন রান যোগ হতেই থেমে যায় ইয়ান বেলের ৮৪ রানের ইনিংস। সেই সঙ্গে ইনিংস ঘোষণা করেন ইংল্যান্ড অধিনায়ক। বোঝাই যাচ্ছিল তার শতক পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন কুক।
বেল শুরুটা করেন ধীর-স্থিরভাবে। ৫০ রান করেন ৮০ বলে, ছয়টি ৪-এর সাহায্যে। কিন্তু এরপরই ঝড় তোলেন তিনি। পরের ৩৪ রান তোলেন মাত্র ২৫ বলে। অধিনায়ক সাকিব আল হাসানের ফুলটস বলটি তুলে মারেন তিনি চমৎকারভাবে। দড়ির কাছাকাছি ক্যাচটি ধরেন রুবেল হোসেন তার চেয়ে আরো দর্শনীয় ভঙ্গীতে।
বাংলাদেশ অধিনায়ক আট বোলার ব্যবহার করেন। তাদের মধ্যে দু'টি করে উইকেট নেন মাহমুদুল্লাহ রিয়াদ ও আব্দুর রাজ্জাক। এ জন্য মাহমুদুল্লাহর খরচ হয় ৭৮ রান। রাজ্জাক দেন ১৫৭।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭১০ ঘ.
bdnews24