ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একদিনের দল থেকে বাদ পড়ার পর এবার ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দলেও জায়গা হয়নি জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের।
তাকে বাদ রেখেই দুই টেস্ট সিরিজের জন্য মঙ্গলবার ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এদিকে ভারতের বিপক্ষে হোম সিরিজে এবং নিউজিল্যান্ড সফরের দল থেকে বাদ পড়লেও ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য স্কোয়াডে রাখা হয়েছে বাহাতি স্পিনার এনামুল হক জুনিয়রকে।
মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ টেস্ট দলের সদস্যের নাম প্রকাশ করেছে বিসিবি।
টেস্ট দলের খেলোয়াড়রা হলেন- সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী, আফতাব আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, রকিবুল হাসান, নাঈম ইসলাম, রুবেল হোসেন, শফিউল ইসলাম, আব্দুর রাজ্জাক, এনামুল হক জুনিয়র ও সাহাদাত হোসেন।
আগামী ১২ মার্চ থেকে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট হবে ২০ মার্চ থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এমআই/১৩৫৫ ঘ.
bdnews24