২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামিমের শতকের পরও বাংলাদেশের হার

উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের ঝড়ো শতকের (১২৫) পরও প্রথম একদিনের ম্যাচে ৬ উইকেটে হার মানতে হয়েছে বাংলাদেশকে। অ্যালিস্টার কুক (৬৪) ও পল কলিংউডের অপরাজিত অর্ধ-শতকের (৭৫*) সুবাদে জয়ের লক্ষ্য ২২৯ রানে পৌঁছে যায় ইংল্যান্ড ৪ উইকেটে। তখনো হাতে ছিল ২৪ বল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2010, 08:13 AM

Updated : 24 Aug 2022, 07:09 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের ঝড়ো শতকের (১২৫) পরও প্রথম একদিনের ম্যাচে ৬ উইকেটে হার মানতে হয়েছে বাংলাদেশকে। অ্যালিস্টার কুক (৬৪) ও পল কলিংউডের অপরাজিত অর্ধ-শতকের (৭৫*) সুবাদে জয়ের লক্ষ্য ২২৯ রানে পৌঁছে যায় ইংল্যান্ড ৪ উইকেটে। তখনো হাতে ছিল ২৪ বল। প্রথমে ব্যাট করে বাংলাদেশ রান করে ২২৮, সব উইকেট হারিয়ে। পুরো ৫০ ওভারও খেলতে পারেনি, খেলেছে ৪৫ ওভার ৪ বল। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার প্রথম একদিনের ম্যাচে জয়ের লক্ষ্যের দিকে ইংল্যান্ডের দুই উদ্বোধনী ব্যাটসম্যান অধিনায়ক অ্যালিস্টার কুক ও ক্রেগ কিসওয়েটার এগিয়ে যাচ্ছিলেন অত্যন্ত দ্রুত গতিতে। কিন্তু ৭৩ রানের মাথায় এই ম্যাচে অভিষেক হওয়া কিসওয়েটার (১৯) ও দলের সঙ্গে এক রান যোগ হওয়ার পর কেভিন পিটারসেন (১) সাজঘরে ফিরে গেলে রান তোলার গতি কিছুটা কমে যায়। তবে মেরে খেলে যেতে থাকলেও ৯৬ রানের মাথায় বিদায় নিতে হয় কুককে। নাইম ইসলামের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ার আগে কুক তার অর্ধ-শতক আদায় করে নেন। ৬৪ রান করেন ৬৮ বলে। চার মেরেছেন ৬টি। নাইম ইসলামের বলটি ব্যাটে না খেলে খেলেন প্যাডে। সঙ্গে সঙ্গে বোলার ও উইকেটরক্ষক মুশফিকুর রহিমের জোরালো আবেদন। আঙ্গুল তোলেন আম্পায়ারও। যদিও টেলিভিশন রিপ্লেতে দেখা যায়-বলটি স্ট্যাম্পে না আঘাত হেনে বেরিয়ে যাচ্ছিল লেগ-স্ট্যাম্পের বাইরে দিয়ে। এরপর কলিংউড ও ইয়ন মর্গান জুটি বেঁধে ৮৮ তুললে জয়ের দোর গড়ায় পৌঁছে যায় ইংল্যান্ড। ১৮৪ রানের মাথায় মর্গান ৩৩ রান করে নাইম ইসলামের বলে আফতাব আহমেদের হাতে ধরা পড়ে বিদায় নেন। আর কোনো অঘটন ঘটেনি ইংল্যান্ডের ইনিংসে। কলিংউড ও ম্যাট প্রায়র জয়ের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেন দলকে। কলিংউডের ৭৫ রানের হার না মানা ইনিংসে চার রয়েছে সাতটি। খেলেছেন ঠিক এক শ' বল। অপর অপরাজিত ব্যাটসম্যান প্রায়র ৩৭ বলে করেন ৩০। বাংলাদেশের বোলারদের মধ্যে ৩টি উইকেট নেন নাইম ইসলাম, ৪৯ রানে। এছাড়া একটি উইকেট নেন সাকিব আল হাসান। এ জন্য তিনি খরচ করেন ৪২ রান। এর আগে টস জিতে কুক বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান। চমৎকার সূচনা করেন বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও ইমরুল কায়েস। দলীয় ৬৩ রানের মাথায় ইমরুল কায়েস ১৫ রান করে বিদায় নিলেও তামিম খেলে যান তার স্বভাবসুলভ আক্রমণাত্মক ভঙ্গীতে। স্টুয়ার্ট ব্রডের বলে নবম ব্যাটসম্যান হিসেবে সরাসরি বোল্ড হওয়ার আগে তামিম করেন ১২৫ রান। তার ১২০ বলের ইনিংসে রয়েছে ১৩টি চার ও তিনটি ছক্কা। তিনি তার একদিনের ক্রিকেট জীবনের তৃতীয় শতকে পৌঁছান মাত্র ৯৪ বলে, ১২টি চার ও দু'টি ছক্কার সাহায্যে। ইমরুল কায়েসের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট বিলিয়ে দিতে থাকেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। যদিও অপর প্রান্তে তামিম ব্যাট করে যান মারমুখী ভঙ্গীতে। দলের সঙ্গে আট যোগ হতেই সাজঘরের পথ ধরেন ওয়ান-ডাউন ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিকী। হিসেবের খাতাই খুলতে পারেননি তিনি। ৮২ রানের মাথায় দুর্ভাগ্যজনক রান-আউটের শিকার হন আফতাব আহমেদ (২)। অধিনায়ক সাকিব আল হাসান গ্রায়েম সোয়ানের বলে স্ট্যাম্পড হওয়ার আগে করেন ১২। তখন দলের রান ছিল ১১২। উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম ২২ রান করে দলীয় ১৪৬ রানের মাথায় রান আউট হন তামিমের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে। দলের রানের সঙ্গে কোনো রান যোগ না হতেই বিদায় নেন মাহমুদুল্লাহ রিয়াদ (০)। এরপর তামিম ও নাইম ইসলাম ইনিংস মেরামতের কাজ শুরু করেন। দলের সঙ্গে ৬৩ রান যোগ হওয়ার পর নাইম বিদায় নেন ২৫ রান করে। ২০৯ রানের মাথায় অফ-স্ট্যাম্পের ওপর ফুল-লেঙথের বলটিকে জায়গা বানিয়ে ড্রাইভ করেন নাইম। কিন্তু বলটি তার ঠিকানা খুঁজে পায় কভারে ইয়ন মর্গানের হাতে। চোট কাটিয়ে দলে ফেরা মাশরাফি বিন মর্তুজা নেমেই চার মারেন। এরপর আর কোনো রান করতে পারেননি। গ্রায়েম সোয়ানের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন ২১৪ রানের মাথায়। তামিমও বোল্ড হন দলের সঙ্গে আর কোনো রান যুক্ত না হতেই। ২২৮ রানের মাথায় শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন আব্দুর রাজ্জাক (২)। তখন অপর প্রান্তে সঙ্গীহারা শফিউল ইসলাম। ১১ বলে ১১ রান করে অপরাজিত থাকেন তিনি। ইংল্যান্ডের বোলারদের মধ্যে গ্রায়েম সোয়ান তিন উইকেট নেন ৩২ রানে। এছাড়া স্টুয়ার্ট ব্রড ৪৬ রানে নেন দুই উইকেট। ম্যাচ সেরার পুরস্কারের জন্য তামিম ইকবালকে বেছে নিতে নির্বাচকদের দ্বিতীয়বার ভাবতে হয়নি। এই জয়ের ফলে তিন ম্যাচের একদিনের সিরিজে ইংল্যান্ড ১-০ তে এগিয়ে গেল। দ্বিতীয় খেলাটিও হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, ২ মার্চ। শুরু হবে দুপুর ২টায়। বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী, আফতাব আহমেদ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, নাইম ইসলাম, মাশরাফি বিন মর্তুজা, শফিউল ইসলাম ও আব্দুর রাজ্জাক। ইংল্যান্ড দল: অ্যালিস্টার কুক (অধিনায়ক), ক্রেগ কিসওয়েটার, কেভিন পিটারসেন, পল কলিংউড, ইয়ন মর্গান, ম্যাট প্রায়র, লিউক রাইট, স্টুয়ার্ট ব্রড, টিম ব্রেসন্যান, গ্রায়েম সোয়ান ও রায়ান সাইডবটম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২১৩৫ ঘ.