২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেন্ডুলকারের দ্বি-শতক, দ. আফ্রিকার লক্ষ্য ৪০২

একদিনের ক্রিকেটের রেকর্ড বই নতুন করে লেখালেন শচীন রমেশ টেন্ডুলকার। ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে অপরাজিত দ্বি-শতক হাঁকান তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচে। তার এই ঝড়ো ইনিংসের সুবাদে জয়ের জন্য প্রটিয়াসদের ৪০২ রানের বিশাল লক্ষ্য বেঁধে দেয় ভারত। নির্ধারিত ৫০ ওভারে রান তোলে ৪০১, তিন উইকেট হারিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2010, 01:15 PM

Updated : 24 Aug 2022, 07:03 PM

গোয়ালিয়র, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একদিনের ক্রিকেটের রেকর্ড বই নতুন করে লেখালেন শচীন রমেশ টেন্ডুলকার। ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে অপরাজিত দ্বি-শতক হাঁকান তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচে। তার এই ঝড়ো ইনিংসের সুবাদে জয়ের জন্য প্রটিয়াসদের ৪০২ রানের বিশাল লক্ষ্য বেঁধে দেয় ভারত। নির্ধারিত ৫০ ওভারে রান তোলে ৪০১, তিন উইকেট হারিয়ে। ক্যাপ্টেন রুপ সিং স্টেডিয়ামে বুধবার টস জিতে ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। ইনিংসের উদ্বোধন করতে নেমেই ঝড় তুললেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান টেন্ডুলকার। আর সেই ঝড়ে স্রেফ উড়ে গেলেন দক্ষিণ আফ্রিকার বোলাররা। টেন্ডুলকার তার ৪৬তম শতকে পৌঁছান মাত্র ৯০ বলে, ১৩টি চারের সাহায্যে। আর ২০০ রানে পৌঁছান ১৪৭ বলে। দড়ির ওপারে বল পাঠান তিনি ২৫বার। এছাড়া তিনবার বল পাঠান হাওয়ায় ভাসিয়ে। এর আগে ওয়েন পার্নেলের বলে ডেল স্টেইনের হাতে ধরা পড়ে বিদায় নেন অপর উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগ (৯)। উইকেট থেকে বেরিয়ে গিয়ে ব্যাট চালান তিনি। কিন্তু ঠিক মতো খেলতে পারেননি। বলটি তার ব্যাটে লেগে চলে থার্ড-ম্যান অঞ্চলে। কয়েক পা পিছিয়ে গিয়ে বলটি লুফে নিতে কোনো অসুবিধা হয়নি ডেল স্টেইনের। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি ভারতকে। ঝড় বইয়ে দিতে থাকেন টেন্ডুলকার ও ওয়ানডাউন দিনেশ কার্তিক। জুটি বেঁধে দলের সঙ্গে যুক্ত করেন তারা ১৯৪ রান। ২১৯ রানের মাথায় অফ-স্ট্যাম্পের বাইরের সামান্য শর্ট বল পুল করেন কার্তিক। কিন্তু আগের পুল-শটগুলোর মতো বলের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেননি। উঠে যায় বল, ঠিকানা খুঁজে পায় মিড-উইকেটে হার্শেল গিবসের হাতে। ৮৫ বলে ৭৯ রান করেন তিনি। চার মেরেছেন চারটি। ছক্কা তিনটি। কার্তিক বিদায় নিলেও ঝড় থামেনি। বরং তার মাত্রা বেড়ে যায় ইউসুফ পাঠান মাঠে নামার সঙ্গে সঙ্গে। ভ্যান দার মারউয়ের বলে এবি ডি ভিলিয়ার্সের হাতে এক্সট্রা কভারে ধরা পড়ার আগে করেন মাত্র ২৩ বলে ৩৬ রান। তখন দলের রান ছিল ৩০০। ধোনি মাঠে নামার সঙ্গে সঙ্গে ঝড়ের মাত্রা এতটাই বেড়ে যায় যেন দশ নম্বর সতর্ক সংকেত জারি করা হয় স্টেডিয়ামে। টেন্ডুলকার ও ধোনি দু'জনে মিলে দলের রানের সঙ্গে ১০১ যোগ করেন মাত্র ৫৩ বলে। শেষ পর্যন্ত ৬৮ রানে অপরাজিত থাকেন ধোনি। মাত্র ৩৫ বলের ইনিংসটি সাজান তিনি সাতটি চার ও চারটি ছক্কা দিয়ে। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক জ্যাক ক্যালিস ছয় বোলার ব্যবহার করেন। কিন্তু সুবিধা করতে পারেননি কেউই। ওভার প্রতি সবচেয়ে কম রান দিয়েছেন ভ্যান দার মারউয়ে, ৬.২০। যদিও একটি উইকেট নিয়েছেন তিনি। এছাড়া পারনেল দু'টি উইকেট নিলেও ওভার প্রতি রান দিয়েছেন ৯.৫০। তিন ম্যাচের একদিনের সিরিজে ভারত এগিয়ে আগে ১-০ তে। এর আগে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল পাকিস্তানের সাঈদ আনোয়ার ও জিম্বাবুয়ের চার্লস কভেন্ট্রির। দু'জনই করেছিলেন ১৯৪। সাঈদ আনোয়ার করেন ভারতের বিপক্ষে। আর কভেন্ট্রি বাংলাদেশের বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮৪৬ ঘ.