২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদু্‌ল্লাহর শতকের পরও এগিয়ে নিউজিল্যান্ড

মাহমুদুল্লাহ রিয়াদের প্রথম টেস্ট শতক ও অধিনায়ক সাকিব আল হাসানের অর্ধ-শতকের ওপর ভর করে হ্যামিল্টন টেস্টে ফলো-অনের শঙ্কা দূরে ঠেলে দিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংস থেমে যায় ৪০৮ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2010, 05:41 AM

Updated : 24 Aug 2022, 06:53 PM

হ্যামিল্টন, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাহমুদুল্লাহ রিয়াদের প্রথম টেস্ট শতক ও অধিনায়ক সাকিব আল হাসানের অর্ধ-শতকের ওপর ভর করে হ্যামিল্টন টেস্টে ফলো-অনের শঙ্কা দূরে ঠেলে দিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংস থেমে যায় ৪০৮ রানে। দ্বিতীয় পালায় ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা প্রথম ইনিংসের ৫৫৩ রানের সঙ্গে তৃতীয়দিন শেষে যোগ করেন এক উইকেটে ৯। ফলে বাংলাদেশ এখনো পিছিয়ে আছে ১৫৪ রানে। পর্যাপ্ত আলোর অভাবে দ্বিতীয় দফায় পাঁচ ওভারের বেশি ব্যাট করার সুযোগ পায়নি নিউজিল্যান্ড। দ্বিতীয় পালায় ব্যাট করতে নেমে মাত্র ২ রানেই উদ্বোধনী ব্যাটসম্যান বিজে ওয়াটলিংকে হারায় স্বাগতিকরা। দ্রুত এক রান নেওয়ার সময় সাকিবের নিক্ষেপ করা বল সরাসরি ওয়াটলিংয়ের প্রান্তের উইকেট ভেঙ্গে দেয়। কিন্তু পপিং ক্রিজ থেকে তখনো বেশ খানিকটা দূরে ছিলেন ওয়াটলিং। সেডন পার্কে বুধবার ১ উইকেটে ৮৭ রান নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। কিন্তু ১৯৬ রানে তুলতেই ৬ উইকেট হারিয়ে বসলে ফলো-অনের শঙ্কায় পড়ে সফরকারীরা। এ অবস্থায় দলের হাল ধরেন সাকিব ও মাহমুদুল্লাহ রিয়াদ। সপ্তম উইকেট জুটিতে বাংলাদেশের পক্ষে রেকর্ড ২৪৫ রান তুলে দলকে শুধু বিপদমুক্তই করেননি, এনে দেন সম্মানজনক একটা স্কোর। ক্রিস মার্টিনের অফ-স্ট্যাম্পের বাইরের বল প্রথমে খেলতে চাননি সাকিব। কিন্তু শেষ মুহূর্তে ব্যাট চালিয়ে বসেন। ব্যাটের পাশ ঘেষে বল চলে যায় উইকেটরক্ষক ব্রেন্ডন ম্যাককালামের হাতে। জোরালো আবেদন করেন বোলার ও ফিল্ডারা। আম্পায়ারও আঙ্গুল তুলে বসেন। পরে টেলিভিশন রিপ্লেতে দেখা যায় বলটি সাকিবের ব্যাটে লাগেনি। ১০৪ বল খেলে ৮৭ রান করেন তিনি। চার মেরেছেন ১৫টি। সাকিব ফিরে গেলেও ব্যাট করে যেতে থাকেন মাহমুদুল্লাহ। অধিনায়ক ভেট্টোরির বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ার আগে করেন ১১৫ রান। তিনি তার ১৭৭ বলের ইনিংসটি সাজান ১৭টি চার ও দু'টি ছক্কা দিয়ে। অফ-স্ট্যাম্পের ওপর বলটি পড়ে কোনো স্পিন করেনি, সোজাসোজি এগিয়ে যাচ্ছিল স্ট্যাম্পের দিকে। পেছনের পায়ে ভর রেখে খেলার চেষ্টা করেন মাহমুদুল্লাহ। কিন্তু ব্যাটকে ফাঁকি দিয়ে বলটি তার প্যাডে আঘাত হানে। আম্পায়ারের আঙ্গুল তোলার এই সিদ্ধান্ত নিয়ে অবশ্য কোনো বিতর্ক জন্ম নেয়নি। মাহমুদুল্লাহ তার টেস্ট জীবনের প্রথম শতকে পৌঁছান ১৬৬ বলে, ১৪টি চার ও দু'টি ছক্কার সাহায্যে। এর আগে ৫৬ রানের ইনিংসটিকে আর বেশি দূর এগিয়ে নিতে পারেননি উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। দিনের প্রথম পর্বে দলীয় ১১৮ রানের মাথায় টিম সুথির বলে ম্যাককালামের হাতে ধরা পড়ার আগে করেন ৬৮। ১৩২ রানের মাথায় ব্যক্তিগত ২১ রান করে ক্রিস মার্টিনের বলে রস টেইলরের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে আসেন জুনায়েদ সিদ্দিকী। এরপর সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল (১২), আফতাব আহমেদ (৩৩) ও মুশফিকুর রহিম (৭) একে একে উইকেট বিলিয়ে দিলে অবধারিতভাবেই ফলোঅনে পড়তে যাচ্ছিল সফরকারীরা। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নেন মার্টিন ও ভেট্টোরি। এজন্য ভেট্টোরি খরচ করেন ৮৮ রান। আর মার্টিন দেন ১১৬। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২০৩১ ঘ