হ্যামিল্টন, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে প্রথম দিনের শুরুতেই স্বাগতিকদের ব্যাকফুটে ঠেলে দিয়েছিল বাংলাদেশ। পেসার রুবেল হোসেনের চমৎকার বোলিংয়ে দুশো রানের আগেই ৫ উইকেট হারায় স্বাগতিকরা। কিন্তু ষষ্ঠ উইকেটে মার্টিন গাপটিল ও ম্যাককুলামের শতরানের জুটিতে প্রাধমিক ধাক্কা সামলে মজবুত অবস্থানে নিউজিল্যান্ড।
দিনশেষে নিউজিল্যান্ড ২৫৮ রান তুলেছে ৫ উইকেটে, ৬৮.১ ওভারে। ৮০ রান নিয়ে ক্রিজে মার্টিন গাপটিল সঙ্গে ম্যাককুলাম ৫৮ রানে। আলো স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই আম্পায়াররা দিনের খেলার ইতি টানেন।
হ্যামিল্টনের সিডন পার্কে টস জিতে কিউইদের ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। বৃস্টির কারণে ম্যাচটি কিছুটা দেরীতে শুরু হয়। ঘাস আচ্ছাদিত উইকেটে খেলার শুরুতেই দারুণ ছন্দে বল করে যান সফরকারিদের দুই পেসার রুবেল হোসেন ও শফিউল ইসলাম। দলীয় ১৭ রানেই উদ্বোধনী ব্যাটসম্যান ম্যাকিনটশকে (৭) ফিরিয়ে দেন শফিউল।
ব্যক্তিগত ১৩ রানে ওয়াটলিং, ৪২ রানে ইনগ্রাম ও ৪০ রানে টেইলরকে বিদায় করেন পেসার রুবেল। ফলে ১২৬ রানে যেতেই ৪ উইকেট খোয়ায় স্বাগতিকরা। সফরকারী অধিনায়ক সাকিব দলীয় ১৫৮ রানে প্রতিপক্ষের অধিনায়ক ভেট্টরিকে (১০)ও ফিরিয়ে দিয়ে শঙ্কায় ফেলে দেন কিউইদের।
কিন্তু ৬ষ্ঠ উইকেট জুটিতে মার্টিন গাপটিল ও বেন্ডন ম্যাককুলামের দায়িত্বশীল ব্যাটিংয়ে ক্রমেই ধাক্কা সামলে নেয় স্বাগতিকরা। এ দুই ব্যাটসম্যান দলীয় ইনিংসে শতরান যোগ করে অবিচ্ছিন্ন থাকেন। ফলে বড় সংগ্রহের দিকেই এগিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড ইনিংস।
রুবেল হোসেন ৮৬ রানে তিন উইকেট নিয়ে দিনের সফলতম বোলার। এছাড়া সাকিব ৩৪ রানে ও শফিউল ৫৪ রান খরচে একটি করে উইকেট নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/১৪১৫ ঘ.
bdnews24