ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিউজিল্যান্ড সফরে ভাল খেলার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্রিকেটাররা, মাঠে তার ছিটেফোঁটাও দেখা যায়নি। টানা দুই ম্যাচ হেরে এরই মধ্যে সিরিজ খুইয়ে বসেছে বাংলাদেশ। সফরকারীদের জন্য শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে তাই মানরক্ষার।
বৃহস্পতিবার ক্রাইস্টচার্চে পরাজয় এড়ানো সম্ভব না হলে নিউজিল্যান্ডের কাছে একদিনের ক্রিকেট সিরিজে ধবলধোলাই হবেন সাকিব বাহিনী।
ভয়টা ক্রিকেটারদের মধ্যে ভালভাবেই থাকার কথা। দেশের মান বাঁচাতে তাদের চেষ্টারও কমতি থাকবে না নিশ্চয়ই। কিন্তু কিউই কন্ডিশনে মোটেও মানিয়ে নিতে পারেনি ক্রিকেটাররা। সিরিজের প্রথম দুই ম্যাচ যার প্রভাব স্পষ্ট। বিশেষ করে মিডল অর্ডারে মোহাম্মদ আশরাফুল এবং অধিনায়ক সাকিব আল হাসানের ব্যাট হাসছে না।
দুই ম্যাচে তারা দু'জন মিলে করেছেন মাত্র ১৪ রান (আশরাফুল ৫ ও ১, সাকিব আল হাসান ৮ ও ০ রান)।
সিরিজের শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে চাইলে আশারাফুল এবং সাকিবের বড় ইনিংস খেলা অনিবার্য হয়ে পড়েছে। অন্যথায় কিউই বোলিংয়ের সামনে তৃতীয় ম্যাচেও ২০০ রানের নিচে ইনিংস গুটিয়ে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। একদিনের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের ৩৩৬ রানের জবাবে ১৯০ রানেই গুটিয়ে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও বড় ইনিংস খেলা সম্ভব হয়নি। আগে ব্যাট করতে নেমে ১৮৫ রানেই শেষ হয়েছে।
শুধু ব্যাটিং নয়, বোলিংয়েও ধুঁকছে বাংলাদেশ। তিন পেসার সাহাদাত হোসেন, শফিউল ইসলাম ও রুবেল হোসেন তেমন সুবিধা করতে না পারায় মাশরাফি বিন মুর্তজার অভাবটা ভালই অনুভুত হচ্ছে সফরকারী শিবিরে। সিমিং কন্ডিশনে ওয়ানডে শীর্ষ অল-রাউন্ডার সাকিব আল হাসানরাও বাঁ-হাতের ঘূর্ণি কাজে লাগাতে পারেননি।
নিউজিল্যান্ডের বেলায় হয়েছে উল্টো। ব্যাটিং, বোলিং ফিল্ডিং প্রতিটি বিভাগেই স্বাচ্ছন্দে খেলছে স্বাগতিক দলের ক্রিকেটাররা। ২৯ বছর বয়সী অ্যান্ডি মিকিও দারুণ বোলিং দিয়ে নির্বাচকদের মনোযোগ কেড়ে নিয়েছেন।
একদিনের ক্রিকেটে পরিসংখ্যানে বরাবরই এগিয়ে আছে নিউজিল্যান্ড। এ পর্যন্ত ১৬ ম্যাচ খেলে ১৫টিতেই শ্রেষ্ঠত্ব দেখিয়েছে কিউইরা। বাংলাদেশ জিতেছে মাত্র একটি ম্যাচ।
নিউজিল্যান্ড সফররত সংশ্লিস্টদের সূত্রে প্রাপ্ত সম্ভাব্য বাংলাদেশ দল: তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিকী/ইমরুল কায়েস, মোহাম্মদ আশরাফুল, আফতাব আহমেদ, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম (সহ-অধিনায়ক), নাঈম ইসলাম, সাহাদাত হোসেন, শফিউল ইসলাম ও রুবেল হোসেন।
সম্ভাব্য নিউজিল্যান্ড দল: ব্রান্ডন ম্যাককালাম, পিটার ইনগ্রাম, মার্টিন গুপটিল, রস টেলর, জেমস ফ্র্যাংকলিন, নেইল ব্রে"ম, জ্যাকব ওরাম, ড্যানিয়েল ভেট্টরি, টিম সাউদি ও অ্যান্ডি ম্যাকি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/জিএনএ/১৭৩৮ ঘ.
bdnews24