২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ উইকেটে হার বাংলাদেশের

ব্যাটিং ব্যর্থতার নজির দেখিয়ে সোমবার নিউজিল্যান্ডে দ্বিতীয় একদিনের খেলায়ও হেরেছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2010, 04:33 AM

Updated : 24 Aug 2022, 06:41 PM

ডানেডিন, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাটিং ব্যর্থতার নজির দেখিয়ে সোমবার নিউজিল্যান্ডে দ্বিতীয় একদিনের খেলায়ও হেরেছে বাংলাদেশ। বাংলাদেশের দেওয়া ১৮৪ রানের লক্ষ্যে ২৮ ওভারেই পৌঁছে যায় স্বাগতিকরা। তবে বোলারদের কৃতিত্বে ব্যবধানটি হয়েছে ৫ উইকেট। টস জিতে সফরকারীদের ব্যাট করতে পাঠান কিউই দলনায়ক ড্যানিয়েল ভেট্টরি। বাংলাদেশের টপ অর্ডার ছিলো পুরোপুরি ব্যর্থ। প্রথম পাঁচ ব্যাটসম্যান মিলে করেন মাত্র ২১ রান। এর মধ্যে দুই অঙ্কের কোঠা স্পর্শ করেছেন শুধু আফতাব আহমেদ। ২৭ বল খেলে ১০ রান করেন তিনি। তামিম ইকবাল ১, ইমরুল কায়েস ৯, মোহাম্মদ আশরাফুল ১ ও সাকিব আল হাসান শূন্য রানে আউট হন। বাংলাদেশের ইনিংস দেড়শ অতিক্রম করে সহ অধিনায়ক মুশফিকুর রহিমের কল্যাণে। এক্ষেত্রে তিনি সহায়তা পেয়েছেন নাইম ইসলামের কাছ থেকে। ২৩তম ওভারে মাহমুদুল্লাহ রিয়াদ (৮) আউট হওয়ার পর ৪৮তম ওভার পর্যন্ত অবিচ্ছিন্ন থেকে ১০১ রানের জুটি গড়েন তারা। ১০৭ বলে ৮৬ রান করেন মুশফিক; আটটি চার ও তিনটি ছক্কায় এ ইনিংস সাজান তিনি। ৮১ বলে ৪৩ রান করেন নাইম। দুই অঙ্কের কোঠা ছাড়ানো দলের চতুর্থ খেলোয়াড় হচ্ছেন পেসার শাহাদাত হোসেন (১৬)। ৫০ ওভারে ৮ উইকেটে ১৮৩ রান করে সফরকারীরা। নিউজিল্যান্ডের পক্ষে তিনটি উইকেট নেন আই জি বাটলার। দুটি নেন ম্যাকে। এরপর ব্যাট করতে নেমে টেলরের ৭৮ রানে সহজ লক্ষ্যে দ্রুতই পৌঁছায় নিউজিল্যান্ড। ব্র্যান্ডন ম্যাককুলাম ৯, ইনগ্রাম ২৮, গাপটিল ৩২ রান করেন। পেসার শফিউল ইসলাম নেন তিনটি উইকেট, দুটি নেন রুবেল হোসেন। ম্যান অফ দি ম্যাচ হয়েছেন টেলর। আগের একদিনের খেলাটিতেও বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচ সিরিজটি জিতে নিলো নিউজিল্যান্ড। সফরের একমাত্র টোয়েন্টি-টোয়েন্টি খেলায়ও হারে বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১১৪৪ ঘ.