২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমলার দ্বি-শতক, দ্বিতীয় দিনও দক্ষিণ আফ্রিকার

হাশিম আমলার অপরাজিত দ্বি-শতকের (২৫৩*) সুবাদে প্রথম টেস্টের দ্বিতীয় দিনটিও নিজের করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ইনিংস ঘোষণা করেছে ৬ উইকেটে ৫৫৮ রান তুলে। জবাবে শেষ বিকেলে কোনো উইকেট না হারিয়ে ভারত করেছে ২৫।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2010, 03:57 PM

Updated : 24 Aug 2022, 06:39 PM

নাগপুরে, ফেব্রুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হাশিম আমলার অপরাজিত দ্বি-শতকের (২৫৩*) সুবাদে প্রথম টেস্টের দ্বিতীয় দিনটিও নিজের করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ইনিংস ঘোষণা করেছে ৬ উইকেটে ৫৫৮ রান তুলে। জবাবে শেষ বিকেলে কোনো উইকেট না হারিয়ে ভারত করেছে ২৫। ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভীর ১২ রানে অপরাজিত রয়েছেন। অপর উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগ ব্যাট করছেন ৯ রান নিয়ে। নাগপুরে ২ উইকেটে ২৯১ রান নিয়ে রোববার দিনের খেলা শুরু করেন দক্ষিণ আফ্রিকার দুই অপরাজিত ব্যাটসম্যান জ্যাক ক্যালিস ও আমলা। আগের দিনের রানের সঙ্গে তারা যুক্ত করেন আরো ৫৫। ৩৪৬ রানের মাথায় হরভজন সিংয়ের বলে মুরালি বিজয়ের হাতে ধরা পড়ে বিদায় নেন ক্যালিস। কিন্তু ব্যাট করে যেতে থাকেন আমলা। তিনি তার টেস্ট জীবনের প্রথম দ্বি-শতকে পোঁছান ৩৭৪ বলে ১৯টি চারের সাহায্যে। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ২৫৩ রানে। এরপর এবি ডি ভিলিয়ার্স ও আমলা জুঁটি বেঁধে দলের রানের সঙ্গে যোগ করেন আরো ১০৮। ৪৫৪ রানের মাথায় বীরেন্দ্র শেবাগের বলে সুব্রামনিয়াম বদ্রিনাথের হাতে ধরা পড়ার আগে ডি ভিলিয়ার্স করেন ৫৩। তার ৮৮ বলের ইনিংসে চার রয়েছে পাঁচটি। পল ডুমিনি খুব একটা সুবিধা করতে না পারলেও উইকেটরক্ষক ব্যাটসম্যান মার্ক বাউচার করেন ৩৯। দলের রানও পেরিয়ে যায় সাড়ে ৫ শ'র কোঠা। মার্ক বাউচার আউট হওয়ার কিছুক্ষণ পর ইনিংস ঘোষণা করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ। আমলা তার ২৫৩ রানের ইনিংসটি সাজান ২২টি চার দিয়ে। ৬৭৫ মিনিট উইকেটে থেকে খেলেছেন ৪৭৩ বল। অপর অপরাজিত ব্যাটসম্যান ডেল স্টেইন দশ বল খেললেও হিসেবের খাতা খুলতে পারেননি। ভারতের বোলারদের মধ্যে জহির খান ৩ উইকেট নেন ৯৬ রানে। ১৬৬ রান দিয়ে ২ উইকেট নেন হরভজন সিং। শেষ বিকেলে ব্যাট করতে নেমেই ঝড় তোলেন ভারতের দুই উদ্বোধনী ব্যাটসম্যান গম্ভীর ও শেবাগ। মাত্র চার ওভার ব্যাট করার সুযোগ পান তারা। তাতেই তুলেছেন ২৫, রান তোলার হার ৬.২৫। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২২৫৭ ঘ.