ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের বিপক্ষে একমাত্র টোয়েন্টি-টোয়েন্টি খেলায় দক্ষিণ আফ্রিকা দলে ফিরেছেন হাশিম আমলা।
টেস্ট সিরিজে ভালো খেলায় তাকে দলে নেয়ার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার নির্বাচকরা।
তবে ১২ সদস্যের দলে নেই জ্যাক ক্যালিস, ডেল স্টেইন ও মর্নে মরকেল। তাদের বিশ্রাম দেয়া হয়েছে।
নির্বাচক মন্ডলির আহ্বায়ক অ্যান্ড্রু হাডসন বলেন, "ভারতের বিপক্ষে একদিনের সিরিজ ও বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার কথা মাথায় রেখে আমরা ক্যালিস, স্টেইন ও মরকেলকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছি। কারণ টেস্ট সিরিজে তাদের ওপর অনেক ধকল যাচ্ছে।"
এদিকে ওই ম্যাচে দক্ষিণ আফ্রিকার হয়ে শেষবারের মত মাঠে নামবেন পেসার মাখায়া এনটিনি। নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি।
খেলা হবে ডারবানে, ৯ জানুয়ারি।
দল: জোহান বোথা (অধিনায়ক), হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, কলিন ইনগ্রাম, ডেভিড মিলার, মাখায়া এনটিনি, ওয়েন পার্নেল, রবিন পিটারসন, গ্রায়েম স্মিথ, রাস্টি থেরন, লনওয়াবো সটসবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২২১০ ঘ.
bdnews24