২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ. আফ্রিকার দরকার ১৯২ রান, ভারতের ৭ উইকেট

ডারবানে ভারতের বেঁধে দেয়া ৩০৩ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে তৃতীয় দিনে দ্বিতীয় পালায় ৩ উইকেটে ১১১ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। জেতার জন্য স্বাগতিকদের দরকার আরো ১৯২ রান। আর ভারতের দরকার সাত উইকেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2010, 11:03 AM

Updated : 25 Aug 2022, 07:53 PM

ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডারবানে ভারতের বেঁধে দেয়া ৩০৩ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে তৃতীয় দিনে দ্বিতীয় পালায় ৩ উইকেটে ১১১ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। জেতার জন্য স্বাগতিকদের দরকার আরো ১৯২ রান। আর ভারতের দরকার সাত উইকেট। দ্বিতীয় পালায় ২২৮ রান করে ভারত। প্রথম পালায় তাদের ২০৫ রানের জবাবে ১৩১ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। জ্যাক ক্যালিস ১২ রান নিয়ে ব্যাট করছেন। অন্য প্রান্তে ১৭ রানে অপরাজিত রয়েছেন এবি ডি ভিলিয়ার্স। দ্বিতীয় পালায় ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা খারাপ করেননি দক্ষিণ আফ্রিকার দুই উদ্বোধনী ব্যাটসম্যান অধিনায়ক গ্রায়েম স্মিথ ও অ্যালভিরো পিটারসেন। দলীয় ৪২ রানের মাথায় স্মিথ ৩৭ করে সাজঘরের পথ ধরেন। অন্য উদ্বোধনী ব্যাটসম্যান পিটারসেন করেন ২৬ রান। হাশিম আমলা খুব একটা সুবিধা করতে পারেননি। ১৬ রান করে শ্রীশান্তের বলে মহেন্দ্র সিং ধোনির হাতে ধরা পড়েন তিনি। কিংসমিডে ৪ উইকেটে ৯২ রান নিয়ে মঙ্গলবার দিনের খেলা শুরু করে ভারত। কিন্তু দলের সঙ্গে কোনো রান যোগ না হতেই ফিরে যান আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা (১০)। এরপর বিদায় নেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (২১) ও হরভজন সিং (৪)। তবে মধ্যাহ্ন-বিরতির আগে অন্য অপরাজিত ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ ও জহির খান সপ্তম উইকেট জুটিতে ৭০ রান করলে দলের অবস্থা সুসংহত হয়। ভারত মধ্যাহ্ন-বিরতিতে যায় ৭ উইকেটে ২১৮ রান নিয়ে। কিন্তু বিরতির পর খেলার চিত্র একেবারে পাল্টে যায়। মাত্র ১০ রান করতেই ৩ উইকেট হারিয়ে বসে ভারত। ৪ রানের জন্য শতক বঞ্চিত হন লক্ষ্মণ। তিনি তার ১৭১ বলের ইনিংসটি সাজান ১২টি চার দিয়ে। আর জহির খান করেন ২৭। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নেন মর্নে মরকেল ও লনওয়াবো সটসবে। এজন্য মরকেল দেন ৪৭ রান। আর সটসবে ৪৩। এছাড়া ডেল স্টেইন ২ উইকেট নেন ৬০ রানে। প্রথম টেস্ট জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় টেস্ট শুরু হবে ২ জানুয়ারি কেপ টাউনে। তিন টেস্টের সিরিজের সব খেলায় জিততে পারলে ভারতকে টপকে দক্ষিণ আফ্রিকা উঠে যাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে। বর্তমানে ভারত রয়েছে এক নম্বরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২১৫০ ঘ.