ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অলৌকিক কোনো কিছু না ঘটলে অ্যাশেজ সিরিজের বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার হার এড়ানো সম্ভব নয়। তাদের প্রথম পালার ৯৮ রানের জবাবে জনাথন ট্রটের অপরাজিত শতকের সুবাদে ইংল্যান্ড ৫ উইকেটে করেছে ৪৪৪। ফলে তারা এগিয়ে আছে ৩৪৬ রানে। এখনো হাতে আছে পাঁচ উইকেট।
ট্রট উইকেটে আছেন ১৪১ রান নিয়ে। তার ২৭৮ বলের ইনিংসে চার রয়েছে ১২টি। তাকে যথার্থ সঙ্গ দিয়ে দিনের শেষ পর্যন্ত উইকেটে থেকে ম্যাট প্রায়র করেন অপরাজিত ৭৫। তিনি তার ১০৫ বলের ইনিংসটি সাজান ১০টি চার দিয়ে। এই সিরিজে এটি ট্রটের দ্বিতীয় শতক।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিনা উইকেটে ১৫৭ রান নিয়ে সোমবার দ্বিতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। দলের সঙ্গে আর ১৩ রান যোগ করার পর ফিরে যান আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস ও অ্যালিস্টার কুক।
স্ট্রাউস তার ৬৪ রানের সঙ্গে যোগ করেন কেবল ৫। আর কুক তার ৮০ রানের সঙ্গে যোগ করেন ২। দু'জনেরই উইকেট নেন পিটার সিডল। ১৫৯ রানের মাথায় কুক ধরা পড়েন শেন ওয়াটসনের হাতে। আর স্ট্রাউস ধরা পড়েন মাইক হাসির হাতে। তখন দলের রান ছিল ১৭০।
স্ট্রাউসের ৬৯ রানের ইনিংসে চার রয়েছে পাঁচটি। আর কুক তার ৮২ রানের ইনিংসটি সাজান ১১টি চার দিয়ে।
তৃতীয় উইকেট জুটিতে ট্রট ও কেভিন পিটারসেন ৯২ রান যোগ করলে দলের অবস্থা আরো সুসংহত হয়ে ওঠে। ২৬২ রানের মাথায় সিডলের বলে পিটারসেন এলবিডব্লিউ'র ফাঁদে পড়ার আগে করেন ৫১। তার ৮৯ বলের ইনিংসে চার রয়েছে ৭টি।
কিন্তু দুই ব্যাটসম্যান পল কলিংউড (৮) ও ইয়ান বেল (১) মোটেও সুবিধা করতে পারেননি।
এরপর আর কোনো অঘটন ঘটেনি। ট্রট ও উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাট প্রায়র দলের সঙ্গে ১৫৮ রান যোগ করেন। সেই সঙ্গে ইংল্যান্ড চলে যায় অস্ট্রেলিয়ার ধরা-ছোঁয়ার বাইরে। আক্ষরিক অর্থেই ইংল্যান্ডের জয় এখন সময়ের ব্যাপার মাত্র।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সিডল ৩ উইকেট নেন ৫৮ রানে। মিচেল জনসন ১০৩ রানে নেন ২ উইকেট।
অ্যাশেজ সিরিজে স্বাগতিক দেশ হিসেবে ৯৮ রানই অস্ট্রেলিয়ার সব চেয়ে কম রানের পালা। এর আগে ১৮৭৬-৭৭ মৌসুমে ইংল্যান্ডের প্রথম সফরে অস্ট্রেলিয়ার একটি পালা গুটিয়ে যায় ১০৪ রানে।
আর ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার সর্বনিু রানের ইনিংস মাত্র ৩৬। এই লজ্জা তারা পেয়েছিল বার্মিংহামে ১৯০২ সালে।
পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজ ১-১ এ সমতায় রয়েছে। প্রথম ম্যাচটি অমীমাংসিত ছিল।
পঞ্চম ও শেষ টেস্ট শুরু হবে ৩ জানুয়ারি সিডনিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮২৭ ঘ.
bdnews24