২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলের ক্রিকেটারদের প্রশংসা করলেন সাকিব

জিম্বাবুয়ের কাছে প্রথম খেলায় হারলেও পরের ম্যাচগুলোয় ঘুরে দাঁড়ানোয় দলের সদস্যদের প্রশংসা করেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2010, 04:07 PM

Updated : 25 Aug 2022, 07:47 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়ের কাছে প্রথম খেলায় হারলেও পরের ম্যাচগুলোয় ঘুরে দাঁড়ানোয় দলের সদস্যদের প্রশংসা করেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। চট্টগ্রাম জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে পঞ্চম ও শেষ একদিনের খেলা শেষে সাংবাদিকদের তিনি বলেন, "ভালো ক্রিকেট খেলেই আমরা ঘুরে দাঁড়িয়েছি।" স্টেডিয়ামের উইকেট সম্পর্কে খুবই খুশি সাকিব। বলেন, "মাঠ কিছুটা মন্থর হলেও উইকেটটা আসলেই ভালো। দিনের শেষদিকে বলে বেশ স্পিন ধরছিল। কিন্তু আমাদের ব্যাটসম্যানরা খুব ভালোভাবে তা সামাল দিয়েছে।" এই মাঠে বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার দু'টি খেলা হবে। প্রথমদিকের ব্যাটসম্যানদের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, "আমাদের প্রথমদিকের ব্যাটসম্যানরা রান পাচ্ছিলেন না। কিন্তু আজ (রোববার) তারা রান পেয়েছেন বলে আমি খুবই খুশি।" দলের পেস বোলিং ও ফিল্ডিং প্রসঙ্গে সাকিব বলেন, "পরের দু'টি একদিনের খেলায় আমাদের পেসাররা ভালো বল করেছেন।" ফিল্ডিংও বেশ ভালো হয়েছে বলে মনে করেন তিনি। যদিও ফিল্ডাররা কয়েকটি ক্যাচ ফেলে দিয়েছেন। এ নিয়ে পরপর দু'টি একদিনের সিরিজ জিতলো বাংলাদেশ। প্রথমটি জিতেছে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪-০ ব্যবধানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসএনএল/২১৫৩ ঘ.