ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি। আর জিম্বাবুয়ের সিরিজ বাঁচানোর লড়াই। এমন অবস্থাতেই রোববার মাইক্রোম্যাক্স একদিনের সিরিজের পঞ্চম ও শেষ খেলায় মুখোমুখি হচ্ছে উভয় দল। খেলা হবে চট্টগ্রাম জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে।
তবে সবার নজর এখন আকাশের দিকে। কারণ বৃষ্টির জন্য শুক্রবার সিরিজের চতুর্থ খেলাটি পরিত্যক্ত হয়ে যায়।
ওই দিন বৃষ্টি থামলেও মাঠে পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না থাকায় পরে খেলা শুরু করা যায়নি। তাই পঞ্চম ম্যাচটির আগে পুরো মাঠই ঢেকে রাখার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রধান মনজুর আহমেদ।
ফেব্র"য়ারির বিশ্বকাপের আগে এই খেলাটি উভয় দলের শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ। তাই উভয় দলই এই ম্যাচটি খেলতে চায়।
দু'টি দলই তাদের বোলিং আক্রমণে কোনো পরিবর্তন আনছেন না। তবে ব্যাটিং লাইন-আপে পরিবর্তন হতে পারে।
অনেক দিন ধরেই জিম্বাবুয়ের প্রধান ব্যাটসম্যানের ভূমিকা পালন করা হ্যামিল্টন মাসাকাদজার সময় এখন ভালো যাচ্ছে না। অন্য দিকে নতুন খেলোয়াড় রেগিস চাকাবা ভালো করছেন।
একই সমস্য রয়েছে স্বাগতিক দলেও। দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ফর্ম ফিরে পেতে লড়ে যাচ্ছেন। সিরিজের প্রথম ম্যাচে খেললেও বাকি তিন ম্যাচে তার দলে জায়গা হয়নি। তার জায়গায় খেলেছেন নাঈম ইসলাম।
পাঁচ ম্যাচের একদিনের সিরিজে ২-১ এ এগিয়ে আছে বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এনআই/২০৫৫ ঘ.
bdnews24