ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পার্থ টেস্টের জন্য অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়েছেন মার্কাস নর্থ, ডোগ বোলিঞ্জার ও জাভিয়ের ডোয়ার্টি। ১২ সদস্যের দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন স্বল্প পরিচিত স্পিনার মাইকেল বিয়ার।
চোট পাওয়ায় সাইমন ক্যাটিচ খেলতে পারছেন না এই খেলায়। তার বদলে দলে নেয়া হয়েছে ফিলিপ হিউজেসকে। নর্থের বদলে কোনো বিশেষজ্ঞ ব্যাটসম্যানকে না নেয়ায় মাঠে নামতে পারেন স্টিভেন স্মিথ।
সেরা একাদশে দেখা যেতে পারে মিচেল জনসন ও বেন হিলফেনহসকে। তারা যোগ দেবেন রায়ান হ্যারিস ও পিটার সিডলের সঙ্গে। এর অর্থ অধিনায়ক রিকি পন্টিং তার বোলিং আক্রমণে রাখছেন চারজন পেসারকে।
ডোয়ার্টির জায়গায় বিয়ারকে নেয়া হয়েছে বলে উল্লেখ করে প্রধান নির্বাচক অ্যান্ড্রু হিলড্রিচ বলেন, "বাঁ-হাতি 'অর্থডক্স' স্পিনার বিয়ার এ মৌসুমে ঘরোয়া প্রতিযোগিতায় খুবই ভালো খেলেছেন। ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে উইকেট পেয়েছেন তিনি। টেস্টেও তিনি ভালো বল করবেন বলে আমরা আশা করছি।"
তারপরও বিয়ারের খেলার সম্ভাবনা খুবই কম।
দল: শেন ওয়াটসন, ফিলিপ হিউজেস, রিকি পন্টিং (অধিনায়ক), মাইকেল ক্লার্ক, মাইক হাসি, ব্রাড হ্যাডিন (উইকেটরক্ষক), স্টিভেন স্মিথ, মিচেল জনসন, রায়ান হ্যারিস, পিটার সিডল, মাইকেল বিয়ার ও বেন হিলফেনহস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩৪৪ ঘ.
bdnews24