ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা ও নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে বুধবার থেকে পাকিস্তান ক্রিকেট দলের ব্যাটসম্যানদের বিশেষ প্রশিক্ষণ দিচ্ছেন জাভেদ মিয়াঁদাদ। এক সপ্তাহ ধরে তিনি তাদের প্রশিক্ষণ দেবেন।
বিশ্বকাপ ক্রিকেটের আগে নিউজিল্যান্ড সফরে পাকিস্তান দু'টি টেস্ট, ছয়টি একদিনের ও তিনটি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। বিশ্বকাপ ক্রিকেট হবে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায়।
দলের ম্যানেজার ইন্তিখাব আলম বলেন, বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তানের প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে এই অনুশীলন শিবিরের আয়োজন করা হয়েছে।
মিয়াঁদাদের কাছ থেকে তরুণ ক্রিকেটারদের প্রশিক্ষণ নেয়ার এটি একটি চমৎকার সুযোগ বলে মনে করছেন তিনি।
ইন্তিখাব আলম বলেন, "এই দলটি প্রথমে নিউজিল্যান্ড ও পরে বিশ্বকাপে ভালো খেলবে বলে আমার আস্থা রয়েছে।"
এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ইজাজ বাট মিয়াঁদাদের প্রশিক্ষণ দেয়ার কথা ঘোষণা করেছিলেন।
তবে দলের প্রধান কোচের দায়িত্ব সাবেক পেসার ওয়াকার ইউনিসের হাতেই থাকছে।
মিয়াঁদাদ তার প্রশিক্ষণ সম্পর্কে বলেন, "আমার প্রশিক্ষণে ব্যাটসম্যানদের উন্নতি ও বিশ্বকাপে ভালো ফল করবে বলে আমি আশা করছি।"
পাকিস্তানের নিউজিল্যান্ড সফর শেষ হবে ৫ ফেব্র"য়ারি। এরপর এক সপ্তাহ বিশ্রাম শেষে বিশ্বকাপের দু'টি প্রস্তুতি ম্যাচ খেলার জন্য দল আসবে বাংলাদেশে। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে তারা ২৩ ফেব্র"য়ারি শ্রীলঙ্কার হাম্বানটোটায় কেনিয়ার বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৯৩০ ঘ.
bdnews24