ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কা সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিন শেষে প্রথম পালায় ৮ উইকেটে ৩০৩ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টির কারণে দিনের খেলা শুরু হতে দেরি হয়েছে।
এই সিরিজের পিছু ছাড়ছে না বৃষ্টি। প্রথম ও দ্বিতীয় টেস্টের মত শেষ টেস্টেও বৃষ্টি হানা দিয়েছে। চার দিনে মাত্র ১০৩ ওভার ৩ বল খেলা সম্ভব হয়েছে। এর মধ্যে তৃতীয়দিন শুক্রবার খেলা হয়নি এক বলও।
দ্বিতীয় দিনের ৫ উইকেটে ২৪৪ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। ব্রেন্ডান নাশ ৬২ রানে অপরাজিত ছিলেন। আর কার্লটন বা সেদিন রানের খাতা খুলতে পারেননি।
নিজের রানের খাতায় আর মাত্র ৫ রান যোগ করে সাজঘরে ফিরে যান নাশ। দলীয় রান ২৫২। এক রানের ব্যবধানে বাও (২) তাকে অনুসরণ করেন। রঙ্গনা হেরাথ তাকে এলবিডব্লিউ করেন।
অধিনায়ক ড্যারেন সামিও ৮ রান করার পর হেরাথের বলে এলবিডব্লিউ হয়ে যান।
সুলেমান বেন ২৯ ও কেমার রোচ ১২ রানে অপরাজিত আছেন।
হেরাথ ৫৪ রান দিয়ে ৪ উইকেট পান। এছাড়া অজান্তা মেন্ডিস নেন ২ উইকেট। এজন্য তিনি খরচ করেন ৭৮ রান।
সিরিজের প্রথম দু'টি টেস্ট অমীমাংসিতভাবে শেষ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৯২৯ ঘ.
bdnews24