২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সবার সমর্থন পাচ্ছেন সাকিব

জিম্বাবুয়ের কাছে পাঁচ ম্যাচের একদিনের সিরিজের প্রথম খেলায় হেরেই দল গঠনের সমালোচনা করেছিলেন সাকিব আল হাসান। তারপরও সতীর্থ এবং ক্রিকেট কর্মকর্তাদের সমর্থন পাচ্ছেন বাংলাদেশের অধিনায়ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2010, 02:34 PM

Updated : 25 Aug 2022, 07:43 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়ের কাছে পাঁচ ম্যাচের একদিনের সিরিজের প্রথম খেলায় হেরেই দল গঠনের সমালোচনা করেছিলেন সাকিব আল হাসান। তারপরও সতীর্থ এবং ক্রিকেট কর্মকর্তাদের সমর্থন পাচ্ছেন বাংলাদেশের অধিনায়ক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান আ হ ম মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, "সাকিবই সঠিক। ও সত্য কথাই বলেছে। যখন দলের চার ব্যাটসম্যান রান আউট হয়ে ফিরে তখন অধিনায়ক খুশি হতে পারে না।" তবে মোস্তফা কামাল মনে করেন সেরা দলটাই জিম্বাবুয়ের বিপক্ষে খেলছে। ৯ রানে হারের পর সংবাদ সম্মেলনে সাকিব বলেছিলেন এই দল নিয়ে তিনি সন্তুষ্ঠ নন। হারের জন্য ব্যাটসম্যানদের দায়ী করেন তিনি। দলের কোচ জেমি সিডন্স মনে করেন হতাশা থেকেই এমন কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক। সিডন্স বলেন, "দল গঠনে অবশ্যই অধিনায়ক হিসেবে সাকিবের একটা ভূমিকা ছিল। এটা তার পছন্দের দল। আসলে জিম্বাবুয়ের কাছে হেরে যাওয়ার পর হতাশা থেকেই অনেক কথা বলেছে।" সিডন্স জানিয়েছেন বুধবার সংবাদ সম্মেলন শেষে সাজঘরে ফিরে সতীর্থদের কাছে এ জন্য দুঃখ প্রকাশ করেন সাকিব। সিডন্স জানান, "ও সাজঘরে ফিরে সতীর্থদের বলেছে, সাংবাদিকদের সঙ্গে আজ একটু বেশি কথা বলেছি। সম্ভবত ভুল করে এসেছি আমি।" বাংলাদেশের কোচ বলেন, সাকিবের এমন আত্মসমালোচনার পর পাশে দাঁড়ান আশরাফুল। তাকে বলেন চাপে থাকলে এমন পরিস্থিতি তৈরি হয়। এটা কাটিয়ে উঠার চেষ্টা করতে হবে। সিডন্স মনে করেন এমন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখা উচিত সাকিবের। এদিকে এমন কথা শোনা গিয়েছিল জিম্বাবুয়ে সিরিজে অধিনায়ক হতে চাননি সাকিব। বৃহস্পতিবার এই খবরের সত্যতা স্বীকার করলেন বিসিবি'র প্রধান মোস্তফা কামাল। তিনি বলেন, "সাকিব খুবই বিনয়ের সঙ্গে বলেছিল যে এই সিরিজে ও নেতৃত্ব দিতে চায় না। কারণ দলে মাশরাফি (বিন মর্তুজা) রয়েছে। কিন্তু আমরা এই সিরিজে সাকিবকেই চেয়েছি।" মোস্তফা কামাল মনে করেন অধিনায়কত্ব নিয়ে বিতর্ক শেষ হওয়া উচিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/২০৩০ ঘ.