ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হিসাবটা এখন খুব সহজ। বাকি চার টেস্টের মধ্যে অস্ট্রেলিয়াকে এখন ইংল্যান্ডের চেয়ে বেশি ম্যাচ জিততেই হবে। নইলে অ্যাশেজ দখলে রেখে দেবে ইংল্যান্ড। কারণ সর্বশেষ অ্যাশেজ জিতেছিল ইংলিশরাই। এমন সমীকরণকে সামনে রেখে শুক্রবার অ্যাডিলেডে দুই দল দ্বিতীয় টেস্ট খেলতে নামছে।
ব্রিসবেনে প্রথম টেস্টে ইংল্যান্ড শেষ ইনিংসে দুর্দান্ত ব্যাট করে ফিরে এসেছিল ম্যাচে। টেস্ট ড্র হলেও ইংলিশ ব্যাটসম্যানদের দাপটে মিইয়ে গিয়েছিল অজি বোলিং। দ্বিতীয় টেস্টের শুরুতে তাই ভাবনাটা বেশি স্বাগতিকদেরই। বিশেষ করে তাদের বোলিং বিভাগে।
অজি বোলিংয়ে এই ম্যাচে দু'টি পরিবর্তন মোটামুটি নিশ্চিত। বাঁ-হাতি পেস বোলার মিচেল জনসন একেবারেই উইকেটের মধ্যে নেই। ব্রিসবেন টেস্টে তিনি উইকেটই পাননি। আর সেটা ক্যারিয়ারে প্রথমবারের মতো। তাই জনসনের ওপর বাদ পড়ার কোপটা পড়ছেই। তার জায়গায় ঢুকবেন আরেক পেসার ডগ বোলিঞ্জার।
বাদ পড়তে পারেন ব্রিসবেনে হতাশ করা পেসার বেন হিলফেনহসও। তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন রায়ান হ্যারিস। ব্যাটসম্যান মার্কাস নর্থ চাপে থাকলেও তাকে আরেকটি সুযোগ দিচ্ছেন অজি নির্বাচকরা।
ইংল্যান্ডের তেমন কোনো ভাবনা নেই। যদি না মুহূর্তে কেউ ইনজুরিতে পড়েন, তাহলে ব্রিসবেন টেস্টের দলে কোনো পরিবর্তন আসছে না। তিন পেসার অ্যান্ডারসন, ফিন এবং স্টুয়ার্ট ব্রড ব্রিসবেনে বেশ ভালোই বোলিং করেছেন। তবে কাক্সিক্ষত নৈপুণ্য দেখাতে পারেননি স্পিনার গ্রায়েম সোয়ান। তবে তাকে ছাড়া এখন ইংল্যান্ডের স্পিন বোলিং ভাবাই যায় না।
এ মাঠে এখন পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে ২৯ টেস্টের মধ্যে ১৬টিতে জিতেছে অস্ট্রেলিয়া। বিপরীতে ইংল্যান্ডের জয় ৮ টেস্টে। চার বছর আগে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা শেষ টেস্টে ইংল্যান্ড হেরেছিল ৬ উইকেটে। শেষ দিন ইংল্যান্ড খেলতে নেমেছিল ১ উইকেটে ৫৯ রান নিয়ে। এগিয়েছিল ৯৭ রানে। এমনই অবস্থা থেকে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ১২৯ রানে অলআউট হয়ে যায়। সফরকারীদের গুড়িয়ে দেন অলরাউন্ডার শেন ওয়াটসন। তারপর সহজেই জিতে যায় অস্ট্রেলিয়া।
অ্যাডিলেড অজি অধিনায়ক রিকি পন্টিংয়ের খুবই পয়া মাঠ। এখানে ১৪ টেস্টে ১৪৩৩ রান করেছেন তিনি। শতক পাঁচটি। সর্বোচ্চ ২৪২। কিন্তু তাকে এখন কঠিন চ্যালেঞ্জেরই মোকাবিলা করতে হবে। ব্যাট হাতে তো বটেই, একই সঙ্গে নেতৃত্বেও।
পিচের চরিত্র হবে স্পোর্টিং। যা বোলার ও ব্যাটসম্যানকে সমান সুযোগ দেবে। এমন কথাই বলছেন পিচ তদারককারী ড্যামিয়েন হাউ। তবে জানিয়েছেন শেষের দিকে পিচে বাউন্স অসমান হয়ে উঠতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/১৯২৬ ঘ.
bdnews24