ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় দলে ফেরার দাবী ক্রমশ জোরালো করে তুলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। গত এক সপ্তাহের মধ্যে ঘরোয়া কায়েদে আজম ট্রফিতে টানা তিনটি সেঞ্চুরি করেছেন তিনি।
পিআইএ'র হয়ে শিয়ালকোটের বিপক্ষে দুই ইনিংসে মালিক করেন ১০২ এবং ১৫৬ রান। তার আগের ম্যাচে মালিকের ব্যাট থেকে বেরিয়েছিল একটি দ্বি-শতকও। তাই আসন্ন নিউজিল্যান্ড সফরে পাকিস্তান দলে ডাক পাওয়ার আশা করছেন এই অলরাউন্ডার।
মালিক বলেন, "সত্যিই আমি এখন দারুণ ফর্মে রয়েছি। আসলে জাতীয় দলে ফেরার তাড়না থেকেই আমার রান করার ক্ষিদে বেড়ে গেছে। আমি ফের জাতীয় দলের টুপি মাথায় পড়তে চাই।
ইংল্যান্ডে অনুষ্ঠিত টেস্ট সিরিজ থেকেই পাকিস্তান দল থেকে বাদ পড়েন মালিক। তাকে আরব আমিরাতে সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজেও ডাকা হয়নি। কিন্তু ব্যাট হাতে সর্বশেষ ফর্ম মালিককে নিয়ে ফের ভাবতে বাধ্য করতে পারে নির্বাচকদের। আগামী সপ্তাহেই নিউজিল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করবে পাকিস্তান।
দিনকয়েক আগে স্ত্রী সানিয়া মির্জার সঙ্গে এশিয়ান গেমসে গুয়াংজুতে বেড়াতে গিয়েছিলেন মালিক। বলেছেন এই ভ্রমণটা তাকে মানসিকভাবে অনেক চাঙা করেছে। নতুন উদ্যমে তিনি লড়তে শুরু করেছেন জাতীয় দলে ফের জায়গা করে নিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/১৬০৫ ঘ.
bdnews24