ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাঁচ ম্যাচ অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট ব্রিসবেনে শুরু হচ্ছে বৃহস্পতিবার। এবার এই লড়াইয়ে অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে আছে ইংল্যান্ডই।
কয়েক বছর আগেও অ্যাশেজ শুরুর আগে আলোচনা হতো ইংল্যান্ড কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারবে। কিন্তু এখন অস্ট্রেলিয়ার সেই দিন আর নেই। তারকা ক্রিকেটাররা বিদায় জানিয়েছেন ক্রিকেটকে। ফলে আগের মতো সাফল্য পাচ্ছে না তারা। গত জুলাইয়ের পর তারা আর টেস্ট ম্যাচ জেতেনি। হেরেছে পাকিস্তান ও ভারতের কাছে।
এখন অ্যাশেজের দখলও ইংল্যান্ডের হাতে। সর্বশেষ ২০০৯ সালে ঘরের মাটিতে অ্যাশেজ জেতে তারা। তবে অস্ট্র্রেলিয়ার মাটিতে ইংল্যান্ড সাফল্য পায় অনেক আগে। ১৯৮৬-৮৭ মৌসুমে মাইক গ্যাটিংয়ের ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মাটিতে সর্বশেষ অ্যাশেজ জেতে।
সব দিক দিয়ে এবার ইংল্যান্ডেরই জেতার সম্ভাবনা বেশি। এরই মধ্যে প্রস্তুতি ম্যাচে নিজেদের শক্তির প্রমাণ রেখেছে তারা। সর্বশেষ খেলায় অস্ট্রেলিয়া 'এ' দলকে উড়িয়ে দেয় তারা দশ উইকেটে।
পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়ার জন্য ইংল্যান্ড দলের বোলারদের আগেভাগেই পাঠিয়ে দেয়া হয়েছে ব্রিসবেনে। সংবাদ সম্মেলনে ইংল্যান্ড অধিনায়ক স্ট্রাউস বলেন, ''এবার আমাদের অ্যাশেজ জেতা যে সহজ হবে তা জানি। এ ব্যাপারে আমরা আত্মবিশ্বাসীও।''
অস্ট্রেলিয়া দলের অবস্থা খুব একটা ভালো নয়। খেলোয়াড়রা নিজেদের মেলে ধরতে পারছেন না। অধিনায়ক রিকি পন্টিং, মাইক হাসি, মার্কাস নর্থ ও শেন ওয়াটসন সেরা খেলা খেলতে পারছেন না। চোট থেকে সুস্থ হয়ে মাঠে নামবেন সহ-অধিনায়ক মাইকেল ক্লার্ক ও উদ্বোধনী ব্যাটসম্যান সাইমন ক্যাটিচ।
আক্রমণভাগে পেসার মিচেল জনসন ইদানিং আর নিজেকে চেনাতে পারছেন না। তার সঙ্গী হিসেবে পিটার সিডল ও বেন হিলফেনহস কতটা সফল হবেন সে প্রশ্ন থেকেই যাচ্ছে।
ব্রিসবেনে এখন বর্ষা কাল। বৃষ্টিও হচ্ছে। তাই পিচ সবুজ। রয়েছে বাউন্স এবং গতি। ফলে পেসাররা এখানে রাজত্ব করবে বলে ধারণা করা হচ্ছে।
১৩৩ বছরের ইতিহাসে এ পর্যন্ত দু'দল খেলেছে ৩২১টি টেস্ট। অস্ট্রেলিয়া জিতেছে ১৩২টিতে। আর ৯৯টিতে জিতেছে ইংল্যান্ড। তবে অস্ট্রেলিয়ার জয়ের সংখ্যাটা বেড়েছে গত দুই দশকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/এসএনএল/১৮০৫ ঘ.
bdnews24