ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নয়া দিল্লির ফিরোজ শাহ কোটলায় ১ জানুয়ারি থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলা আয়োজনের ছাড়পত্র দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর ফলে এই মাঠে বিশ্বকাপ ক্রিকেটের চারটি খেলা আয়োজন করতে পারবে ভারত।
আগামী বছর বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা হবে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায়।
ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ২০০৯ সালের ২৭ ডিসেম্বর একদিনের ক্রিকেট ম্যাচে ২৩ ওভার ৩ বল পর খেলা বন্ধ করে দেন ম্যাচ রেফারি। কেননা পিচে পড়ার পর কোনো বল অনেক বেশি উঠছিল। আবার কোনো বল বেশ নিচু হয়ে যাচ্ছিল। এ অবস্থায় ব্যাটসম্যানদের নিরাপত্তার কথা ভেবে খেলা বন্ধ করে দেয়া হয়।
এরপর ওই মাঠে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন নিষিদ্ধ করে আইসিসি। একই সঙ্গে পিচের মান উন্নয়নেরও পরামর্শ দেয়।
গত সপ্তাহে রঞ্জি ট্রফির দিল্লি ও গুজরাটের খেলা দেখার পর আইসিসির পিচ পরামর্শদাতা অ্যান্ডি অ্যাটকিনসন প্রাথমিকভাবে ছাড়পত্র দেন।
আইসিসির মহাব্যবস্থাপক ডেভিড রিচার্ডসন বলেন, "মাঠ সংস্কার করায় আমরা খুশি। আমার মনে হয় ফিরোজ শাহ কোটলা আন্তর্জাতিক খেলা আয়োজনের মতো মানে পৌঁছে গেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২১৪৬ ঘ.
bdnews24