ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকা ৩২৩ রানে এগিয়ে আছে।
দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় পালায় ৪ উইকেটে ১৭৩ রান করে। প্রথম পালায় ৯ উইকেটে ৫৮৪ রান তুলে দান ছেড়ে দেয় তারা।
অ্যাশওয়েল প্রিন্স ২৭ ও মার্ক বাউচার ১৩ রানে অপরাজিত রয়েছেন।
শেখ জায়েদ স্টেডিয়ামে ৬ উইকেটে ৩১৭ রান নিয়ে মঙ্গলবার চতুর্থদিনের খেলা শুরু করে পাকিস্তান। এরপর শেষের দিকের ব্যাটসম্যানদের দৃঢ়তায় ফলোঅন এড়ায় তারা। শেষ পর্যন্ত পাকিস্তানের পালা থামে ৪৩৪ রানে।
আব্দুর রেহমান একটি ছক্কা ও আট চারের সাহায্যে ৬০ রান করেন। তানভীর আহমেদ করেন ৩০।
দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন ৪ উইকেট নেন ৯৮ রানে।
দক্ষিণ আফ্রিকা ১৫০ রানে এগিয়ে থেকে দ্বিতীয় পালার খেলা শুরু করে। কিন্তু রান তোলার গতি ছিল ধীর। কারণ পাকিস্তানের বাঁহাতি স্পিনার আব্দুর রেহমানের বিরুদ্ধে স্বচ্ছন্দবোধ করছিলেন না দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। অফ-স্পিনার মোহাম্মদ হাফিজও বেঁধে রাখেন ব্যাটসম্যানদের।
তারপরও হাশিম আমলা করেন ৬২।
রেহমান ৩ উইকেট নেন ৭৩ রানে। ১ উইকেট নিতে হাফিজের খরচ হয় ৩২।
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি অমীমাংসিতভাবে শেষ হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এমএইচ/১৯৪০ ঘ.
bdnews24