ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মোহাম্মদ আশরাফুলের অলরাউন্ড নৈপুণ্যে এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।
চীনের গুয়াংজুতে ২০ ওভারের খেলায় মঙ্গলবার আশরাফুলের দল ৭০ রানে মালয়েশিয়াকে হারায়।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৫০ রান তোলে বাংলাদেশ। উইকেটরক্ষক মোহাম্মদ মিঠুন করেন ৩৯। আশরাফুলের ব্যাট থেকে আসে ২৯ রান।
মালয়েশিয়ার ইউসুফ ৪ উইকেট নেন ২১ রানে।
জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ ওভার ৪ বলে ৮০ রানে গুটিয়ে যায় মালয়েশিয়া। দলের পক্ষে সবচেয়ে বেশি ২১ রান করেন শফিক শরিফ।
তিনটি করে উইকেট নেন আশরাফুল ও সোহরাওয়ার্দী শুভ। এজন্য আশরাফুলের খরচ হয় ৫ রান। শুভ দেন ১৫।
সেমিফাইনালে উঠেছে পাকিস্তানও। আগেরদিন সোমবার ১২৮ রানে হারায় তারা স্বাগতিক চীনকে।
এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটে বাংলাদেশ রুপা জিতেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/টিআর/১২০০ ঘ.
bdnews24