ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রিসবেনে শুরু হতে যাওয়া অ্যাশেজের প্রথম টেস্টের জন্য ঘোষিত অস্ট্রেলিয়া দলে জায়গা হয়নি অফ-স্পিনার নাথান হরিজের।
শনিবার ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ওই ম্যাচের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে।
দলে ঢুকেছেন লেগ-স্পিনার স্টিভেন স্মিথ এবং বাঁ-হাতি স্পিনার জেভিয়ের ডোহার্টি। এদের মধ্যে ব্রিসবেনে টেস্ট অভিষেক হতে পারে ডোহার্টির।
২৫ নভেম্বর ব্রিসবেনে শুরু ইংল্যান্ড-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট।
প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন উসমান খাজা এবং কালুম ফার্গুসন। নেই পেসার রায়ান হ্যারিসও। জায়গা ধরে রেখেছেন মাইক হাসি এবং মার্কাস নর্থ।
২০০৯ এর অ্যাশেজ সিরিজ থেকেই অস্ট্রেলিয়ার এক নম্বর স্পিনার হিসেবে ধরা হয়েছিল হরিজকে। কিন্তু গত মাসে ভারতের মাটিতে টেস্ট সিরিজে হরিজ পুরোপুরি ব্যর্থ হন। অস্ট্রেলিয়া হোয়াইটওয়াশ হয় ২-০ ম্যাচে।
দলে রয়েছেন চার পেসার। এরা হলেন মিচেল জনসন, বেন হিলফেনহস, পিটার সিডল এবং ডগ বোলিঞ্জার। প্রধান নির্বাচক অ্যান্ড্রু হিলডিচ বলেছেন, সম্ভাব্য সেরা দলই বেছেছেন তারা।
অস্ট্রেলিয়া দল: রিকি পন্টিং (অধিনায়ক), সাইমন ক্যাটিচ, শেন ওয়াটসন, মাইকেল ক্লার্ক, মাইকেল হাসি, মার্কাস নর্থ, ব্রাড হাডিন, স্টিভেন স্মিথ, মিচেল জনসন, জেভিয়ার ডোহার্টি, পিটার সিডল, বেন হিলফেনহস ও ডগ বোলিঞ্জার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/এমএইচ/১৮৪২ ঘ.
bdnews24