২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হার বাঁচাতে লড়ছে পাকিস্তান

দুবাইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে পাকিস্তান হার বাঁচাতে লড়ছে। জয়ের জন্য পাকিস্তানের সামনে প্রোটিয়াসরা ৪৫১ রানের লক্ষ্য বেঁধে দেয়। তাতে সোমবার চতুর্থ দিনশেষে পাকিস্তান ২ উইকেটে ১০৯ রান করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2010, 03:19 PM

Updated : 25 Aug 2022, 07:37 PM

ঢাকা, ১৫ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুবাইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে পাকিস্তান হার বাঁচাতে লড়ছে। জয়ের জন্য পাকিস্তানের সামনে প্রোটিয়াসরা ৪৫১ রানের লক্ষ্য বেঁধে দেয়। তাতে সোমবার চতুর্থ দিনশেষে পাকিস্তান ২ উইকেটে ১০৯ রান করেছে। আজহার আলী ৩৭ এবং ইউনুস খান ১১ রান নিয়ে ক্রিজে রয়েছেন। জয়ের জন্য ৪৫১ রানের লক্ষ্য তাড়া করে পাকিস্তান শুরুতেই হোঁচট খায়। দলের ৪১ রানের মাথায় আউট হন মোহাম্মদ হাফিজ। পেসার ডেল স্টেইনের বলে জোহান বোথার হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৩৪ রানে সাজঘরে ফেরেন তিনি। তার ইনিংসে পাঁচটি চারের মার ছিল। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান তৌফিক উমরও সুবিধা করতে পারেননি। ২২ রান করে অফস্পিনার বোথার বলে জ্যাক ক্যালিসকে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। সেখান থেকে অবিচ্ছিন্ন ৩৪ রানের জুটি গড়ে দিন শেষ করেন আজহার এবং ইউনুস। জয়ের জন্য পাকিস্তানের আরো দরকার ৩৪২ রান। উল্টোদিকে জিততে হলে মঙ্গলবার শেষ দিন দক্ষিণ আফ্রিকার চাই পাকিস্তানের বাকি আট উইকেট। এর আগে সোমবার দক্ষিণ আফ্রিকা ২ উইকেটে ৩১৮ রান তুলে তাদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। হাশিম আমলা এবং ক্যালিস দুজনেই শতক হাঁকান। আমলা ১১৮ এবং ক্যালিস ১৩৫ রানে অপরাজিত ছিলেন। দু'জনে অবিচ্ছিন্ন ২৪২ রানের জুটি গড়েন। এটি পাকিস্তানের বিপক্ষে টেস্টে দক্ষিণ আফ্রিকার যে কোনো উইকেটে দ্বিতীয় সর্বাধিক রানের রেকর্ড। যেটি গড়ার পথে ক্যালিস তার টেস্ট ক্যারিয়ারের ৩৬তম শতকটি তুলে নেন। আমলা করেন তার ১১তম টেস্ট শতক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/২১১৭ ঘ.