ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জুলকারনাইন হায়দারের সঙ্গে অবশেষে যোগাযোগ করেছে পাকিস্তানের কর্মকর্তারা। তার (হায়দার) দুবাই থেকে লন্ডনে পালিয়ে যাওয়ার আসল কারণ বের করতে চান তারা।
হায়দারের সঙ্গে বৃহস্পতিবার কথা বলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ইজাজ বাট। লন্ডনে পাকিস্তানের হাইকমিশনার ওয়াজিত শামসুল হাসানও তার সঙ্গে দেখা করেছেন।
ইজাজ বাট সাহায্য ও সমর্থন দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছেন বলে একটি নিউজ চ্যানেলে স্বীকার করেছেন হায়দার। বোর্ডের একজন মুখপাত্র বলেন, কেন তিনি পালিয়ে গিয়েছেন তা জানার জন্য তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
এজন্য দলের ম্যানেজার ইন্তেখাব আলম, নিরাপত্তা ম্যানেজার মেজর নাজাম জাভেদ ও বোর্ড কর্মকর্তা সুবহান আহমেদকে নিয়ে তিন সদস্যের একটি কমিটিও গঠন করেছে পিসিবি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ একদিনের খেলা শেষে ম্যাচ পাতাতে বলা হয় তাকে। নইলে হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়। তাই পঞ্চম ম্যাচটি না খেলেই পালিয়ে যান তিনি লন্ডনে। এজন্য তার পরিবারের সদস্যদেরও হুমকি দেয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৯৩৫ ঘ.
bdnews24