ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুবাই থেকে গোপনে লন্ডনে পালিয়ে যাওয়ার পর প্রথমবারের মতো লোকজনের সামনে বের হলেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক জুলকারনাইন হায়দার।
লন্ডনের একটি হোটেলে বুধবার এক সংবাদ সম্মেলনে আগের কথাই বললেন তিনি, "জুয়ারিদের হত্যার হুমকিতে ভয় পেয়ে আমি লন্ডনে এসেছি। হুমকি দেয়া হয়েছিল আমার পরিবারের সদস্যদেরও।"
জুলকারনাইনের মতে, ক্রিকেটে ম্যাচ পাতানো বন্ধের সেরা উপায় হলো খেলোয়াড়দের ফোনে আড়িপাতা ও তাদের গতিবিধির ওপর নজর রাখা।
তিনি বলেন, "জীবনে কখনো ভাবিনি খেলাধুলা করতে গিয়ে দেশ ছেড়ে পালিয়ে বিদেশ গিয়ে আশ্রয় নিতে হবে। জুয়ারিদের ফোন পেয়ে আমি শুধু ভয়ই পাইনি, আতঙ্কিতও হয়ে পড়েছিলাম। কারণ আমার পরিবারকেও হুমকি দেয়া হয়েছিল।"
লন্ডনে আশ্রয় নেয়ার কারণ সম্পর্কে জুলকারনাইন বলেন, "আমি পেশাদার ক্রিকেটার হিসেবে এখানে আগেও খেলতে এসেছিলাম। আর ইংল্যান্ডে এ ধরনের বিষয়ে মানবিক আচরণ পাওয়া যায়। সাহায্য-সহযোগিতার হাতও বাড়িয়ে দেয়। আমার নিরাপত্তার জন্য কর্তৃপক্ষ এরই মধ্যে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে।"
যদিও ইংল্যান্ডে রাজনৈতিক আশ্রয় নেয়ার কোনো ইচ্ছে আপাতত তার নেই বলে জানিয়েছেন ২৪ বছর বয়সী জুলকারনাইন। তবে বলেন, ব্রিটিশ সরকার তাকে সাহায্যের আশ্বাস দিয়েছে।
তিনি কাউকে দায়ী না করে বলেন, ''আমি আমার দলের বা অন্য কোনো খেলোয়াড়ের নাম উচ্চারণ করতে চাই না। সঠিক তদন্ত হলে সবকিছুই জানা যাবে। আমি একজন পাকিস্তানি হিসেবেই শান্তিতে থাকতে চাই।''
টিম ম্যানেজমেন্ট কিংবা সিনিয়র ক্রিকেটারদের কেন ঘটনাটি জানাননি? একথা জানতে চাইলে জুলকারনাইন বলেন, তিনি মন স্থির করতে পারেননি। আর দলকে এর সঙ্গে জড়াতে চাননি তিনি।
এদিকে পাকিস্তান সরকার জানিয়েছে, লন্ডনে জুলকারনাইনের রাজনৈতিক আশ্রয় পাওয়ার ব্যাপারে তারা কোনো সাহায্য করবে না। দেশটির ক্রীড়া মন্ত্রী ইজাজ হোসেন জাখরানি বলেন, "তার উচিত ছিল ঘটনার কথা টিম ম্যানেজমেন্টকে বলা। ক্রিকেট বোর্ড কিংবা টিম ম্যানেজমেন্ট কারো উপরেই তিনি আস্থা রাখতে পারেননি।"
এরই মধ্যে জুলকারনাইনকে জেরা করেছে আইসিসি'র দুর্নীতি দমন কমিশন ও স্কটল্যান্ড ইয়ার্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/এনআই/১৭০৬ ঘ.
bdnews24